হুমায়ূন আহমেদের জন্মদিনে গৌরীপুরে পরিবেশ রক্ষায় ভক্তদের প্রচারাভিযান

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে জল, বন ও বন্যপ্রাণী রক্ষার দাবিতে প্রচারাভিযান চালিয়েছেন তার ভক্তরা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে এ কর্মসূচির আয়োজন করে হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ।
‘জল, বন ও বন্যপ্রাণী রক্ষা করি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এগিয়ে আসি’ স্লোগানে হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ এ প্রচারাভিযানের আয়োজন করে। এর আগে কেক কেটে প্রিয় লেখকের জন্মদিন উদযাপন করেন সংগঠনের সদস্য ও ভক্তরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক ও কবি সেলিম আল রাজ। তিনি বলেন, নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, বন ও বন্যপ্রাণী প্রকৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীর ভারসাম্য রক্ষা এবং সুস্থ জীবনধারণের জন্য এগুলো সংরক্ষণ জরুরি। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ, দখল ও দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ বিষয়ে মানুষকে সচেতন করতেই লেখকের জন্মদিনে তাদের এ উদ্যোগ।
হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু বলেন, প্রিয় লেখকের স্মরণে প্রতিবছর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন করা হয়। এবার জন্মদিনে পরিবেশ ও প্রতিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, গৌরীপুর রেলস্টেশনে হুমায়ূন আহমেদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে তার নামে একটি স্থাপনা নির্মাণ অথবা কোনো আন্তনগর ট্রেনের নামকরণের দাবি জানিয়ে আসছেন তারা। তবে এখনো সেই দাবি বাস্তবায়িত হয়নি।
অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, স্মৃতি পরিষদের সদস্য ওবায়দুর রহমান ও সালমা আক্তার মুক্তা, সাংবাদিক শামীম আনোয়ার, মনিরুজ্জামান মনির ও শিপন প্রমুখ।





