ভুটানকে হারিয়ে সবার আগে সাফের ফাইনালে ভারত
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সবার আগে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত। সেমিতে ভুটানকে ২-১ গোলে হারিয়ে দশম শিরোপার খোঁজে কোচ নওশাদ মুসার শিষ্যরা। ভারতের গোল দুটি করেছেন বিষ্ণু ভিলাপ্পিল ও সি সিং কনসাম। ভুটানের একমাত্র গোলটি কিনজ্যাং তাশি তাবদেনের।
শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় ভারত। লেফট উইঙ্গার বিষ্ণু ভালাপ্পিল বল পান, ডান পায়ের জোরাল শটে ভুটান গোলকিপার গেইলশেন জাংপোকে পরাস্ত করেন, ১-০তে এগিয়ে যায় দলটি। ১৬ মিনিটে ফরোয়ার্ড সোহাইল আহমেদ ভাট আরেকটি সুযোগ আনেন, ঠেকিয়ে দেন ভুটান গোলকিপার। এসময়ে ভুটান অধিনায়ক চেনচো গেইলশেনের পরপর তিনটি প্রচেষ্টা রুখে দেয় ভারত।
ভারত ২৭ মিনিটে আরও এগিয়ে যায়। পরপর দুটি কর্নার আদায় করে, দ্বিতীয় কর্নার থেকে ডি বক্সে পাওয়া বল জোরাল ভলি করেন সিং কনসাম, ২-০ গোলে এগিয়ে যায় দলটি। ৩৬ মিনিটে চেনচো আরেকটি সুযোগ পান, কাজে লাগাতে পারেনি। সুহাইল আহমেদ ৩৮ মিনিট সুযোগ পেলেও বারের বাইরে দিয়ে মারেন।
ম্যাচের ৪৪ মিনিটে ভুটান সুযোগ তৈরি করে রাইট উইং দিয়ে, আটকে দেন ভারত গোলকিপার। পরের মিনিটে ভুটানের দুটি প্রচেষ্টা ঠিকঠাক কাজে লাগাতে পারেনি দুই উইঙ্গার। ভারত প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর ম্যাচে ফেরে ভুটান। ৪৭ মিনিটে লেফট উইং থেকে চেনচোর ক্রসে ফাঁকায় বারে বল পান কিনজ্যাং তাশি, হেডে বল জড়ালে ব্যবধান দাঁড়ায় ২-১। ৫৩ মিনিটে চেনচোর ডিফ্লেক্ট হওয়া বল গোলকিপার উপর দিয়ে উঠিয়ে দেন, বেঁচে যায় ভারত। ৬৪ মিনিটে ভারতের জয়ন্ত প্রভুর লেফট উইং থেকে ক্রসে আসা বল লাগে ভুটানের নিমা ওয়াংডির বুকে, পেনাল্টি দেন রেফারি। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বাতিল করেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের বেশিরভাগ আক্রমণ ছিল ভুটানের। ৮০ মিনিটে একটি ভালো আক্রমণ করেন ভারতের বদলি নামা আব্দুল রাব্বি আনজুকান্দন। ভুটান কর্নারের বিনিময়ে এ যাত্রায় বেঁচে যায়। ৮৪ মিনিটে নিজের গোল আরও বাড়ানোর সুযোগ পান সোহাইল আহমেদ, এদফা বল লাগে বারে। যোগ করা সময়েও সুযোগ কাজে লাগাতে পারেনি ভুটান। ২-১ গোলের ব্যবধানে ধরে রেখে জয়ে মাঠ ছাড়ে ভারত।





