পাকিস্তানকে আবারও সহজেই হারিয়ে দিলো বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজ

পাকিস্তানে মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় তুলেছে বাংলাদেশ। স্বাগতিকদের ১৩ রানে হারিয়েছে জুনিয়র টিম টাইগ্রেস। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল সাদিয়া ইসলামের দল।
নিজেদের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে ৮ অক্টোবর শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ।
ফয়সালাবাদে ইকবাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাদীয়া ইসলাম। নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ পর্যন্ত যেতে পারে।
ব্যাটে নেমে বাংলাদেশের অচেনা জান্নাত ১৮ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার অরিত্রী মণ্ডল রানের খাতা খোলার আগে বিদায় নেন। নিশিতা আক্তার নিশি ১৯ বলে ২০ রান করেন।
সাদিয়া আক্তারের অপরাজিত ৩৩ এবং ফারজানা ইয়াসমিনের অপরাজিত ২৮ রানে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে নেমে রাভাইল ফারহান ৩২, কোমোল খান ৩৬, জূফীশান আয়াজ ৩২ রান করেন। পাকিস্তানের জয়ের জন্য যা যথেষ্ট ছিল না।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন ইয়াসমিন। ২টি উইকেট নেন নিশি এবং একটি উইকেট নেন তিথি দাশ অপর্ণা।






