ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১০

ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। চলতি বছর একদিনে এটিই ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
মঙ্গলবার ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ছয় দিনেই মারা গেছেন ৩৬ জন। এর আগে সোমবার ৯ জনের মৃত্যু ছিল একদিনে দ্বিতীয় সর্বোচ্চ।
বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ১৮৭ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮০ জন।
এ ছাড়া বরিশালে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ৩০২ জন, ময়মনসিংহে ৯৬ জন, রাজশাহীতে ১৯৯ জন, রংপুরে ৭৫ জন এবং সিলেটে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন। ওই মাসে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।






