সূর্যবংশীকে আউট করে বিতর্কিত উদযাপন, সমালোচনার মুখে সাইম

এশিয়ান গেমস ক্রিকেটের ভারত-পাকিস্তান ফাইনালে বল হাতে দারুণ শুরু করেছিলেন সাইম আইয়ুব। ম্যাচের তৃতীয় ওভারের প্রথম বলেই ভারতের ১৫ বর্ষী ব্যাটার বৈভাব সূর্যবংশীকে আউট করেন। উইকেট পাওয়ার পর বাচ্চাকে কোলে নিয়ে দোলানোর মতো ভঙ্গি করে উদযাপন করেন সাইম। ভারতীয় এই কিশোর ব্যাটারের বয়সকে ইঙ্গিত করেই তার এমন উদযাপন বলে মনে করা হচ্ছে। আর তাতেই সমোলোচনার মুখে পড়েছেন সাইম।
ম্যাচের পর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে বয়সের বিষয়টি টেনে এমন উদযাপন করা উচিত হয়নি সাইমের।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাইমের উদযাপনের প্রসঙ্গ তুলে সঞ্চালকও বলেন, ‘ওই কাজটি কি দেখেছেন? এটা কতটা দুর্ভাগ্যজনক? এত ভালো ক্রিকেট খেলছেন…এত দিন পর ভারতের বিপক্ষে লড়াই করছেন… তখন এই ধরনের বিষয়গুলো দেখতে ভালো লাগে না…।’
এরপর সাইমের উদযাপন নিয়ে নিজের মতামত দেন আকমল। বলেছেন, ‘এই ধরনের ঘটনা অনেক দিন ধরেই ঘটছে। আমাদের পারফরম্যান্স খুব ভালো না হলেও, আমরা সামাজিক মাধ্যমের জন্য এসব করছি। ম্যানেজমেন্টের এই বিষয়টি নিয়ে ভাবা উচিত।’
সূর্যবংশীর বয়স নিয়ে ইঙ্গিত করে সাইমের এমন উদযাপনও পছন্দ হয়নি আকমলের। বলেছেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট। তার (সূর্যবংশী) বয়স ১৩, ১৪ বা ১৫, যা-ই হোক না কেন, সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সাইম আইয়ুব কোনো বাচ্চা নয়। তার উচিত নিজের পারফরম্যান্সের ওপর মনোযোগ দেওয়া।’
ফাইনালে অবশ্য বল হাতে ভালো শুরু করেও শেষটা ভালো করতে পারেননি সাইম। প্রথম বলেই সূর্যবংশীর উইকেট পেলেও ৪ ওভারে ৪৭ রান দেন তিনি। পরে ব্যাট হাতেও হাসান নাওয়াজের সঙ্গে জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে ২২ বলে ২৯ রান করে আউট হন সাইম।
শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের স্বর্ণ পদক জিতে নেয় ভারত।





