ফুটবল

আর্জেন্টিনায় শেষ বিদায়ের মঞ্চের জন্য প্রস্তুত মেসি

আর্জেন্টিনায় শেষ বিদায়ের মঞ্চের জন্য প্রস্তুত মেসি

আর মাত্র কয়েক ঘণ্টা। ভোরে ফুটবলের মহাতারকা লিওনেল মেসি বিদায়ী ম্যাচ খেলতে নামবেন। প্রস্তুত বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়াম। বিদায়ী ম্যাচ খেলার জন্য কয়েকদিন আগে নিজ দেশে যান মেসি। বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে বিদায়ী প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে। দুনিয়া জোড়া মেসি ভক্তদের হৃদয়ে এক শূন্যতা তৈরি হয়েছে। কিন্তু কিছু করার নেই। এটাই সত্য।

দেশের হয়ে দুই দশকেরও বেশি সময় ধরে খেলার পর ৩৯ বছর বয়সী এ মহাতারকা এবার স্থায়ীভাবে অধিনায়কের আর্মব্যান্ড তুলে রাখবেন। বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে আলবিসেলেস্তেদের জার্সিতে এটাই হবে তার শেষ উপস্থিতি। মেসির আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত থাকবেন ৮৫ হাজার দর্শক। কাতার বিশ্বকাপ ২০২২-এ তার সঙ্গে ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছানো বেশ কয়েকজন সতীর্থও থাকবেন। পাশাপাশি আর্জেন্টিনার উদীয়মান প্রজন্মের খেলোয়াড়েরাও থাকবে তার পাশে।

এই প্রীতি ম্যাচটি প্রতীকীভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার মুহূর্ত। আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিস্সিমা। আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবেও বিদায় নিচ্ছেন মেসি। ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, সঙ্গে রয়েছে রেকর্ড ৬৮টি অ্যাসিস্ট।

নিউ জার্সিতে স্পেনের কাছে আর্জেন্টিনার উত্তপ্ত বিশ্বকাপ ফাইনালে হারের আড়াই মাস পর আসছে মেসির এই বিদায়। সেই ম্যাচে তেমন প্রভাব ফেলতে না পেরে অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়েছিলেন তিনি।

আগস্টে আন্তর্জাতিক অবসরের ঘোষণা দিয়ে মেসি লিখেছিলেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি; আর দেওয়ার মতো কিছুই আমার অবশিষ্ট নেই। পাশাপাশি দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা নিজেদের সুযোগ পাওয়ার যোগ্য।’

ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। তবে দুইমাস আগে তার বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রত্যাশার চেয়েও আগেই হয়তো পুরোপুরি ফুটবলকে বিদায় জানাতে পারেন।

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যরা— যে খেলোয়াড়রা দেশকে এনে দিয়েছিলেন তৃতীয় বিশ্বকাপ তারকা এবং তাদের পরিবারের সদস্যরা মঙ্গলবার বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকবেন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বেনিনের অবস্থান ৯৩তম। দোহায় সেই ঐতিহাসিক সাফল্যের অন্যতম নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো অভিজ্ঞরাও থাকবেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ডি মারিয়া নিজ চোখে দেখবেন মেসির কাছ থেকে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তরের এই ঐতিহাসিক মুহূর্ত। এই নতুন প্রজন্মের লক্ষ্য হবে আলবিসেলেস্তেদের সোনালী যুগকে আরও দীর্ঘায়িত করা।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘সবার জন্যই এটি একটি অবিস্মরণীয় দিন হতে যাচ্ছে। সবাই এই ম্যাচে থাকতে চায়। এখন শুধু মুহূর্তটি উপভোগ করার পালা।’

আর্জেন্টিনার নতুন প্রজন্ম ইতিমধ্যেই অধিনায়ককে ছাড়াও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তবে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মেসির শূন্যস্থান পূরণ করা যে সহজ হবে না, তা কেউই অস্বীকার করছে না।

স্কালোনি বলেছেন, ‘সমষ্টিগতভাবে আমরা লিও যে শূন্যতা রেখে যাচ্ছে, সেটি পূরণ করার চেষ্টা করব।’

জুলাইয়ে বিশ্বকাপের ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও বর্তমানে আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা করছেন স্কালোনি। মেসিকে ঘিরে সঠিক সহায়ক দল গড়ে তোলার দক্ষতায় যিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেই স্কালোনিও মঙ্গলবার বিদায় জানাবেন ৩৮ বছর বয়সী সহ-অধিনায়ক নিকোলাস ওটামেন্ডিকে। মেসি ও ওটামেন্ডির মতো মিডফিল্ডার রদ্রিগো দে পল এবং জিওভানি লো সেলসোকেও শুধু বেনিনের বিপক্ষে ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে। ফলে তাদের দুজনের কেউই হয়তো আর আর্জেন্টিনার হয়ে খেলবেন না।

বিষয়:আর্জেন্টিনা ওটামেন্ডি জাহিদ ডি মারিয়া ডে পল বেনিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…