ক্রিকেট

অধিনায়কত্ব ছেড়ে হারমানপ্রিত বললেন— ‘রক্ত, ঘাম, ত্যাগ, সব দিয়েছি’

অধিনায়কত্ব ছেড়ে হারমানপ্রিত বললেন— ‘রক্ত, ঘাম, ত্যাগ, সব দিয়েছি’

ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের (টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি) নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। দীর্ঘ ১০ বছর ধরে সফলভাবে দল পরিচালনার পর ৩৭ বর্ষী তারকা এ সিদ্ধান্ত নিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ বিবৃতিতে তিনি সিদ্ধান্তের কথা জানান।

হারমানপ্রীত লিখেছেন, ‘আমি ভারতীয় নারী ক্রিকেট দলের সব সংস্করণের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটি কোন সহজ সিদ্ধান্ত ছিল না। এর সাথে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ এবং এমনকিছু মুহূর্ত যা আমার জীবনের বাকি সময়টুকুর সঙ্গী হয়ে থাকবে।’

‘আবেগ আর একবুক শান্তি নিয়ে নেতৃত্ব ছাড়ছি। কারণ গভীরভাবে বিশ্বাস করি, আমার দল এখন একটি ভালো জায়গায় রয়েছে। একটি দল যার রয়েছে প্রতিভা, চরিত্র, আত্মবিশ্বাস এবং এমন এক ভবিষ্যৎ— যার অংশ হতে পেরে এবং যা দেখতে পেয়ে অত্যন্ত রোমাঞ্চিত। মনে করি, আমার দায়িত্ব পালন করেছি। দলকে আমার সর্বস্ব দিয়েছি।’

হারমানপ্রিত ২১১ আন্তর্জাতিক ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্যে ওয়ানডেতে ৫১ ম্যাচে ৩০টিতে এবং টি-টুয়েন্টিতে ১৫৫ ম্যাচের মধ্যে ৯২টিতে জয় পেয়েছেন, যা ভারতের যেকোনো সাদা বলের সংস্করণে অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। ৫টি টেস্টেও নেতৃত্ব দিয়েছেন তিনি, যেখানে হেরেছেন মাত্র একটি ম্যাচে।

বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন সব সিদ্ধান্ত— যা সবসময় সবার বোধগম্য ছিল না, নেয়াটা সবসময় সহজ ছিল না এবং কখনও কখনও যার জন্য ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে। কিন্তু আমার প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটিই উদ্দেশ্য ছিল— এই দলকে আরও উন্নত করা এবং অন্য খেলোয়াড়দের এমন সুযোগ করে দেয়া যাতে তারা নিজেদের বিকশিত করতে পারে। নিজেদের উপর আস্থা রাখতে পারে এবং নিজেদের সেরা রূপে গড়ে তুলতে পারে।’

কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, বিসিসিআই, পরিবার এবং কঠিন সময়ে পাশে থাকা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হারমানপ্রিত শেষ বার্তায় লিখেছেন, ‘রক্ত, ঘাম, আত্মত্যাগ এবং গর্ব— সবকিছুই আমি দিয়েছি। এখন কেবল খেলার প্রতি বিশুদ্ধ ভালোবাসার টানে আবার মাঠে নামতে প্রস্তুত। অধিনায়কত্ব শেষ হল, কিন্তু যাত্রা চলতে থাকবে।’

বিষয়:ওয়ানডে টি-টুয়েন্টি টেস্ট ভারত হারমনপ্রিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…