শিক্ষা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ছাত্রদলের উদ্বেগ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ছাত্রদলের উদ্বেগ

ছবি: সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকির ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে কোনো গুজব বা যাচাই-বাছাইহীন তথ্য প্রচার না করার অনুরোধ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম জড়িত। তাই এ ধরনের হুমকির ঘটনায় সবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রয়োজনীয় তৎপরতা চালাচ্ছে। সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত ও নিরাপদ থাকবে বলে আশা প্রকাশ করে ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে সন্দেহজনক কোনো বস্তু বা ব্যাগ দেখতে পেলে তাতে হাত না দিয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে ভিড় বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা ছবি প্রকাশের আগে এর সত্যতা যাচাই করার আহ্বানও জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নম্বর হিসেবে ০১৩২০০৪১৫০০ দেওয়া হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বলেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সবার সচেতনতা, সংযম ও দায়িত্বশীল আচরণই অপ্রয়োজনীয় আতঙ্ক কমিয়ে নিরাপদ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটি ক্যাম্পাসের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে শান্ত, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।

বিষয়:বোমা হামলা ব্র্যাক বিশ্ববিদ্যালয় হুমকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…