গেমসের খাবার উপযোগী নয়, খেতে বাইরে গিয়েছিল কয়েকজন: লিটন
ছেলেদের ক্রিকেট ইভেন্ট

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে এবারও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। ব্রোঞ্জ পদক লড়াইয়ের ম্যাচের আগের দিন কিছু খেলোয়াড় রাতে বাইরে গিয়েছিলেন বলে জানা যায়। ম্যাচ হারের পর এ নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস উত্তর দেন ফেডারেশন বা গেমসের খাবার উপযোগ না হওয়ায় কয়েকজন বাইরে গিয়েছিল খাবার খেতে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে লিটন দাস বলেন, ‘ক্রিকেট খেলা মানেই কোনোদিন প্র্যাকটিসের প্রয়োজন হয়, সেখানে কি সুযোগ-সুবিধা আছে? নাই। তো একটা খেলোয়াড় কি রুমের ভেতর সারাদিন বন্দি হয়ে থাকবে? একটা প্লেয়ারের যখন এখানে খাওয়া দাওয়া দিয়ে তাদের ঠিকঠাক হচ্ছে না, তারা কি বাইরে খাবার খাবে না? তাদের তো ওই এনার্জিটা লাগবে। আপনার যদি মনে হয় যে খাওয়াটা এখান থেকে ফেডারেশন থেকে দিতেছে বা এশিয়ান গেমস থেকে দিতেছে, যে খাওয়াটা আমাদের জন্য উপযোগী হচ্ছে না, তো একটা প্লেয়ার কি খাবে না? খাবে তো, না?’
‘খাইতে গেলে তো বাইরে যেতে হবে। তাই করেছে খেলোয়াড়রা। এখন যদি বলেন যে না, ক্রিকেট খেলব রোদের ভেতর খেলা, কিন্তু সারাদিন এসি রুমে ঘুমাব—সেটা তো একসেপ্ট করবেন না আপনারা। আমাদের কাছে যদি সুযোগ থাকত প্র্যাকটিস করার জন্য, আপনারা হয়তো আপনাদেরকে মাঠেই দেখতে পারতেন যে আমরা প্র্যাকটিস করে বেড়াচ্ছি। কিন্তু অপশন নেই তো।’
প্রাকটিসের সুবিধা নেই উল্লেখ করে লিটন আরও জানান, ‘আমরা যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলি, মানে অন্যান্য ইভেন্টগুলো খেলি, সেখানে অনুশীলন সুবিধা থাকে। ক্রিকেট জিনিসটা এমন না যে আপনি ঘরের ভেতর থাকবেন আর এসে খেলবেন। ওখানে অনুশীলন সুবিধা থাকে, অনেক কিছু থাকে। এই জিনিসগুলো তো এখানে নেই। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য নেই এমন নয়।’
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ দল লঙ্কানদের কাছে হেরেছে ৬৩ রানে। এরপর সংবাদ সম্মেলনে এসে প্রশ্নের উত্তর দিতে মেজাজ হারান অধিনায়ক লিটন দাস। সেমিফাইনালে দলের সার্বিক পারফরম্যান্সে পাকিস্তানের কাছে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা।





