রাজনীতি

হুমকির ফোন-ফেসবুক পোস্টের পর বাড়িতে আগুন, আওয়ামী লীগের দিকে অভিযোগ নুসরাতের

হুমকির ফোন-ফেসবুক পোস্টের পর বাড়িতে আগুন, আওয়ামী লীগের দিকে অভিযোগ নুসরাতের

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তার দাবি, এ ধরনের হামলা চালিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। তবে ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম।

তিনি বলেন, ‘বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি দেখতে অনেকটা পেট্রোলবোমা হামলার মতো। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তী সময়েও থাকব। এই ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাতে অপরিচিত একটি নম্বর থেকে তাকে হুমকি দিয়ে ফোন করা হয়। এর আগে ও পরেও তিনি আরও কয়েকটি হুমকিমূলক ফোন পান। গত মঙ্গলবার এসব ঘটনার বিবরণ দিয়ে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে। হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল, যা তার কাছে হুমকি বলে মনে হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে এই সংসদ সদস্য বলেন, সিসিটিভির সময় অনুযায়ী মধ্যরাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের শব্দ হয়। বিস্ফোরণের ধরন ও পরিস্থিতি দেখে তার কাছে ঘটনাটি পেট্রোলবোমা হামলা বলে মনে হয়েছে। তবে তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চান না তিনি।

বাড়িটি পরিত্যক্ত ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানিয়ে নুসরাত বলেন, বাড়িতে পাঁচ থেকে ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছিল। ওই পরিবার বাড়িটির দেখাশোনা করত এবং তারা পরিবারেরই অংশ হয়ে উঠেছিলেন।

তিনি বলেন, ‘এই বাড়িতেই আমি বড় হয়েছি। আমার ছোট ভাই বড় হয়েছে। আমার বাবা-মা এই বাড়িতেই তাদের সংসার করেছেন। এটি আমার দাদার হাতে তৈরি বাড়ি। এটাই আমাদের বসতবাড়ি।’

নুসরাত জানান, বাড়িটিতে গবাদিপশুর খামার ছিল। সেখানে আত্মীয়স্বজনের পাশাপাশি একটি অসহায় পরিবারও বসবাস করত। আগুনে ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, খবর দেওয়ার পর রাত প্রায় ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অর্থাৎ আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর পুলিশ আসে। অন্যদিকে দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব কেন্দ্র না থাকায় কর্মীরা পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ অংশ পুড়ে যায়।

ঘটনার পর যথেষ্ট সময় পেরিয়ে গেছে উল্লেখ করে দ্রুত আলামত সংগ্রহ ও তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, সাধারণ মানুষের মতো সংসদ সদস্য ও নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের জীবনও নিরাপদ নয়। বর্তমান পরিস্থিতিতে সাধারণ ও অসাধারণ মানুষের নিরাপত্তার মধ্যে কোনো পার্থক্য নেই।

দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, শুধু সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া কিংবা পরিস্থিতির অবনতি অস্বীকার করলেই বাস্তবতা বদলে যাবে না। একজন সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এ ধরনের হামলার ঘটনা জুলাই আন্দোলন ও আন্দোলনসংশ্লিষ্ট সবার জন্য সতর্কবার্তা।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে নুসরাত বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ভূমিকা কী হবে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়া প্রয়োজন।

বিষয়:আগুন এনসিপি জাতীয় নাগরিক পার্টি নুসরাত তাবাসসুম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…