গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।

এ সময় পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষের মধ্যে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এরপরও লগি-বৈঠা হাতে বিপুলসংখ্যক বিক্ষোভকারী টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যান।

বিক্ষোভ ও সংঘর্ষের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। এ ঘটনার পর গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

এদিকে দেশব্যাপী ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, গতকাল রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয়:আগুন নিষিদ্ধ ছাত্রলীগ সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…