বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত।
বাগেরহাটে চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন পিকআপচালক।
সোমবার (৯ নভেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের মানিকতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে খুলনা-বাগেরহাট-বরিশাল মহাসড়কের পাশে বাগেরহাট সি ফুডের কাছে কলাবোঝাই পিকআপটি চলছিল। এ সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক পিকআপটির গতিরোধ করে। পরে তারা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পিকআপচালক জানান, মোটরসাইকেলে করে আসা চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় যুবক তাঁর গাড়ির কাছে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দেয়। এরপর তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয়। তাঁর চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে তিনি নিজেই গাড়ির আগুন নিভিয়ে ফেলেন। ওই চালকের বাড়ি বাগেরহাটের সাইনবোর্ড এলাকায়।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি পিকআপের টায়ারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।





