বাংলাদেশ

ধাওয়া পাল্টা ধাওয়ার পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

ধাওয়া পাল্টা ধাওয়ার পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সড়কে কিছুটা ধীরগতি রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় একপর্যায়ে সকাল ১০টার দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন স্থানে আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুনরায় ধাওয়া দিলে তারা মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বিষয়:অবরোধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রমিক সাউন্ড গ্রেনেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…