বাংলাদেশ

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, একজন লাইফ সাপোর্টে

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, একজন লাইফ সাপোর্টে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুনের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে আইসিইউতে এবং একজন লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ‘জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসায় এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ৫ তলাবিশিষ্ট ওই মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় ঘন ধোঁয়ায় শ্বাস নিতে গিয়ে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সংবাদমাধ্যমকে বলেন, হাসপাতালে আসা ৬৩ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

সুলতান মাহমুদ শিকদার আরও বলেন, ‘কোনো শিক্ষার্থীর শরীরে পোড়ার কোনো চিহ্ন নেই। প্রত্যেকেরই শ্বাসনালির সমস্যা হয়েছে। ধোঁয়ায় এ অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, তা নয়। আমরা কয়েকজনকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছি।’

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই মাদ্রাসার আগুনের সূত্রপাত হতে পারে।

বিষয়:৬৩ শিক্ষার্থী হাসপাতালে আগুন জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…