উয়েফা নেশনস লিগে ডেনমার্কের কাছে ২-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে এমন হারের পরও অল্পের জন্য অবনমনে পড়তে হয়নি দিদিয়ের দেশমের শিষ্যদের।
গ্রুপের আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। অস্ট্রিয়া হেরে বসাতে রক্ষা পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।
গ্রুপে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট তোলা ক্রোয়েশিয়া টেবিলের শীর্ষে থেকে সেমি নিশ্চিত করছে। ১২ পয়েন্টে ডেনমার্ক গ্রুপ রানার্সআপ ও ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় ফ্রান্স, যারা লিগে টিকে আছে। অবনমনের খড়গে পড়েছে ৪ পয়েন্ট পাওয়া অস্ট্রিয়া।
রোববার রাতে কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে ম্যাচের ৩৩ মিনিটে মিক্কেল ডামসগার্ডের ক্রসে বল পেয়ে ডান পায়ে জালে জড়িয়ে ডেনমার্ককে লিড এনে দেন ক্যাসপার ডলবার্গ। ছয় মিনিট পর কর্নার কিকে বল পেয়ে বাঁ-পায়ের লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেয়াস স্কোভ ওলসেন।
অন্যদিকে, গ্রুপপর্বের খেলায় ভার্জিল ফন ডাইকের নিশানাভেদে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে নেশনস লিগের সেমিতে গেছে নেদারল্যান্ডস। পোল্যান্ডের কাছে ঘরের মাঠে একই ব্যবধানে হেরে অবনমন হয়েছে কাতার বিশ্বকাপের টিকিট কাটা ওয়েলস।







