চীনে পৌঁছেছেন পুতিন, বৈঠক করবেন ট্রাম্প–শি’র সঙ্গে

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ২টার দিকে পুতিনকে বহনকারী উড়োজাহাজটি শেনজেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চলতি সপ্তাহের শেষ দিকে শেনজেনে অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। সম্মেলনের ফাঁকে ট্রাম্প, সি চিন পিং ও পুতিনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিন দেশের শীর্ষ নেতাদের এ বৈঠককে সম্মেলনের সবচেয়ে আলোচিত আয়োজন হিসেবে দেখা হচ্ছে। এমন ত্রিপক্ষীয় বৈঠক এর আগে কখনো হয়নি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার পঞ্চম সর্বোচ্চ পদধারী সদস্য সাই ছি। তিনি চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিমানবন্দরে পুতিনকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। লালগালিচা দিয়ে হেঁটে যাওয়ার সময় মার্চপাস্টে অংশ নেওয়া চীনা সেনাসদস্যরা তাকে অভিবাদন জানান। এ সময় রাশিয়া ও চীনের পতাকা হাতে নৃত্যশিল্পীরাও তাকে স্বাগত জানান। পরে পুতিনের গাড়িবহর বিমানবন্দর ত্যাগ করে।






