মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পর দেশটির কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি জানান, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলা হলেও আবাসিক, বাণিজ্যিক কিংবা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ইরনা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আল জাজিরাকে দেওয়া তথ্য অনুযায়ী, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সামরিক সরঞ্জাম বা কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি।
অন্যদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানায়, দেশটিতে বিস্ফোরণের শব্দ শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সক্রিয় হওয়ার কারণে সৃষ্টি হচ্ছে।






