অর্থনীতি

আবারও কমেছে স্বর্ণের দাম

আবারও কমেছে স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম ঠিক করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

বিষয়:কমেছে স্বর্ণের দাম দাম বাজুস ভরি স্বর্ণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…