চট্টগ্রামে মধ্যরাতে পুলিশ বক্সে আগুন

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুলিশ বক্সের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১ টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ বক্সে আগুন লাগার ঘটনা সত্য। তবে বক্সের ভেতরে সরাসরি আগুন দেওয়া হয়নি। বক্সের সামনে কাপড়জাতীয় কোনো একটি বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। পরে সেই আগুন পুলিশ বক্সে ছড়িয়ে পড়ে।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। বুধবার সকালে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশ বক্সে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুরাদপুর এলাকায় উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্সটিতে আগুন জ্বলছে। এ সময় পুলিশ বক্সের পাশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






