মিরপুরে পোশাক শ্রমিকদের উত্তেজনা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। এক পর্যায়ে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে বের করে নিয়ে আসেন তারা।
এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কারখানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।
কিছু সময় পর থেকে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, সকালে কাফরুলে কিছুটা ঝামেলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন আছেন।
সম্প্রতি ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী শ্রমিকদের একটি বড় অংশের দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
এ ছাড়া বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও আন্দোলনে উঠে আসে।
পরিস্থিতি মোকাবিলায় গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে সরকার ছয় সদস্যের নূন্যতম মজুরি বোর্ড গঠন করে। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।






