থাইল্যান্ডের একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে ২৪ বর্ষী এক ফুটবলারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১২ জন খেলোয়াড় আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, দক্ষিণ থাইল্যান্ডের সুঙ্গাই গোলক এলাকার সান্তিফাপ স্টেডিয়ামে গোলক এফএ কাপের একটি ম্যাচে সামকোল্টস ও আবু নং সিরিন মুখোমুখি হয়েছিল। ম্যাচ চলাকালে প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাত মাঠের খুব কাছে আঘাত হানে।
বজ্রপাতে গুরুতর আহত হন ফুটবলার সাফওয়ান আওয়ায়ে। ঘটনাস্থলেই তার সতীর্থরা দ্রুত প্রাথমিক সহায়তা দেওয়ার চেষ্টা করেন। পরে স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বজ্রপাতের ঘটনায় আহত আরও ১২ জন খেলোয়াড়কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খেলার মাঝেই হঠাৎ তীব্র আলোর ঝলকানির পর বিকট শব্দে বজ্রপাত ঘটে। এরপর খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।







