এখনই ফাইনাল নয়, আপাতত বাংলাদেশ ‘পরীক্ষা’ নিয়েই ভাবনা
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠে আসা দেশগুলোর নজর এখন শিরোপার দিকে। পাকিস্তান যদিও বলছে এখনই ফাইনাল কিংবা ট্রফি নিয়ে ভাবনা নেই। আপাতত একমাত্র লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে সেমির খেলাটি নিয়ে। দলটির মিডফিল্ডার আদিল নবী জানালেন, হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছেন।
সেমিফাইনালের আগেরদিন সকালে অনুশীলনে ঘাম ঝরিয়েছে পাকিস্তান। সেখানে সংবাদ সম্মেলনে আদিল বলেছেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়, আমরা খেলতে এসেছি এবং জিততে চাই। আমাদের লক্ষ্য হল ফাইনালে ওঠা এবং টুর্নামেন্ট জেতা। তবে আমরা এখনই সেটি নিয়ে ভাবছি না। আমরা কেবল পরের ম্যাচটি নিয়ে ভাবছি, যা বাংলাদেশের বিপক্ষে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই ম্যাচে মনোযোগ দেয়া। ট্রফি বা ফাইনাল নিয়ে না ভাবা। আমরা কেবল সেমিফাইনাল নিয়ে ভাবছি, এতটুকুই।’
শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। তার আগে দুপুর ৩টায় প্রথম সেমিফাইনালে লড়বে ভারত-ভুটান।





