তিন দিনেও উদ্ধার হয়নি সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল

আসিফ নজরুল, বাংলাদেশি বিশ্লেষক, চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি তে হাস্যোজ্জ্বল।. Channel i News – চ্যানেল আই নিউজ
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোন তিন দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানিয়েছে, মোবাইল ফোনটির অবস্থানের খুব কাছাকাছি পৌঁছেও সেটি উদ্ধার করা যায়নি। সিমটি বন্ধ হয়ে যাওয়ায় ফোনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তবে আশা ছাড়েননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানিয়েছেন, মোবাইল ফোনটি উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসআরবির এই কর্মকর্তা জানান, বুধবার গাড়ির জানালা দিয়ে ছিনতাই হওয়া আসিফ নজরুলের মোবাইল ফোনটি বৃহস্পতিবার সকালেও চালু ছিল।
তিনি বলেন, ‘মিরপুরে স্যারের মোবাইলের খুব কাছাকাছি আমরা ছিলাম। ২২০ মিটার দূরে, চেষ্টা চলছিল।’
তিনি আরও বলেন, ‘কিন্তু দুর্ভাগ্য আর মিসকমিউনিকেশন বলতে হবে। এর মধ্যে আসিফ নজরুল স্যার নতুন একটি সিম কিনে ফেলায় আগের সিমটি বন্ধ হয়ে যায়। ফলে হারিয়ে যাওয়া মোবাইলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।’
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থেকে নিউ মার্কেট এলাকার দিকে যাওয়ার পথে সোবহানবাগ এলাকায় আসিফ নজরুলের মোবাইল ফোনটি ছিনতাই হয়। গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে ফোনটি নিয়ে যায় ছিনতাইকারী।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। মামলার তদন্তে থানা-পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং এসআরবিও কাজ করছে।






