শিল্প সাহিত্য

বোতল ভূত থেকে ময়ূরাক্ষী, হুমায়ূনের সঙ্গে বেড়ে ওঠা

আমার হুমায়ূন

বোতল ভূত থেকে ময়ূরাক্ষী, হুমায়ূনের সঙ্গে বেড়ে ওঠা

সালটা ১৯৯৬। তখন আমি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্কুল, কোচিং, বৃত্তি পরীক্ষা আর হাইস্কুলে ভর্তির প্রস্তুতি নিয়েই কাটছিল সময়। টাঙ্গাইলের আদালতপাড়ায় আমাদের ভাড়া বাসার ঠিক মুখোমুখি ছিল বন্ধু সুমনদের বাসা। একদিন বিকেলে মাঠে ক্রিকেট খেলতে গিয়ে সুমনের সঙ্গে পরিচয় হলো আরেক বন্ধু ইমরানের। একই এলাকার বাসিন্দা হওয়ায় অল্প দিনেই আমরা তিনজন বেশ ভালো বন্ধু হয়ে উঠলাম।

একদিন ইমরানের বাসায় গেলাম। তার বুকশেলফজুড়ে নানা ধরনের শিশু-কিশোরদের বই। তিন গোয়েন্দা, দেশি-বিদেশি কমিকস, চাচা চৌধুরী, নন্টে ফন্টে, পিংকী, ফ্যান্টম, ছোটদের বিজ্ঞান, ভ্রমণকাহিনি কত কী! সেসব বইয়ের ভিড়ে হঠাৎ আমার চোখ আটকে গেল হুমায়ূন আহমেদের ‘বোতল ভূত’ নামের কিশোর উপন্যাসে। বইটি হাতে নেওয়ার পেছনে মূল আকর্ষণ ছিল লেখকের নাম। এর আগেই বিটিভিতে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে হুমায়ূন আহমেদ নামের সঙ্গে পরিচিত হয়েছিলাম। তবে তাঁর লেখা প্রথম পড়া বই ছিল ‘বোতল ভূত’।

উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ষষ্ঠ শ্রেণির ছাত্র হুমায়ূন। চঞ্চল ও পড়াশোনায় অমনোযোগী হুমায়ূনের বন্ধু মুনির শান্ত, মেধাবী ও স্বল্পভাষী। একদিন ব্রহ্মপুত্র নদের ওপারে শান্তিনিকেতন নামের একটি বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে এক আত্মীয়ের কাছ থেকে তারা হোমিওপ্যাথির শিশিতে ভূতের বাচ্চা সংগ্রহ করে। এরপর স্কুল, পরিবার ও নানা সমস্যার সমাধানে বোতল ভূতের সাহায্য নেয় দুই বন্ধু। একপর্যায়ে ভূতটিকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও করে তারা। কিন্তু হঠাৎ বোতলটি হারিয়ে যাওয়ায় তাদের কল্পনা ও রহস্যের গল্প নতুন মোড় নেয়।

সুমন আর ইমরান দুজনই ভালো ক্রিকেট খেলত। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে সুমনের হাঁকানো বিশাল বিশাল ছক্কাগুলো এখনো চোখে ভাসে। একইভাবে মনে পড়ে ইমরানের গতিময় বোলিংয়ে প্রতিপক্ষের স্টাম্প উড়ে যাওয়ার দৃশ্য। পাড়ার ক্রিকেটে যখন সুমন আর ইমরান দুই দলে খেলত, তখনই আসল মজা হতো। কোনো দিন সুমন ইমরানের বলে বেধড়ক পিটুনি দিত, আবার কোনো দিন রানের খাতা খোলার আগেই ইমরানের গতির কাছে হার মানত তার ব্যাট। বলের আঘাতে উপড়ে যেত স্টাম্প।

পাশের এলাকার সঙ্গে খেলা হলে জেতার জন্য আমাদের কত হিসাব-নিকাশই না চলত! এমনই একদিন ইমরান বলে উঠেছিল, ‘ইশ, আমাদের যদি একটা বোতল ভূত থাকত!’

শেষ পর্যন্ত আমাদের আর বোতল ভূতের সন্ধান পাওয়া হয়নি। তবে প্রতিকূল পরিস্থিতিতে কল্পনার আশ্রয় নেওয়ার প্রবণতা তৈরি হয়েছিল ঠিকই। যেমনটা হয়েছিল আমারও। যেদিন কোচিংয়ে পড়া শিখে যেতে পারতাম না, সেদিন নানিবাড়ির রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বৃদ্ধ আমগাছের কাছে গিয়ে প্রার্থনা করতাম। মনে মনে অনুরোধ করতাম, কোচিংয়ে যেন শাস্তি পেতে না হয়। আশ্চর্যের বিষয়, মাঝে মাঝে আমার সেই ইচ্ছা যেন সত্যিই পূরণ হতো। দেখা যেত, শিক্ষক সেদিন আমাকে পড়াই জিজ্ঞেস করেননি।

‘বোতল ভূত’ আমার কাছে কেবল ভূতের গল্প নয়। এর মধ্যে আছে শৈশবের সরলতা, বন্ধুত্ব, কৌতূহল আর কল্পনার এক নিজস্ব জগৎ। যে জগৎ আমরা তিন বন্ধুও নিজেদের মতো করে খুঁজে পেয়েছিলাম। সময়ের সঙ্গে আমাদের পথ আলাদা হয়েছে। ইমরান এখন নিজস্ব ব্যবসার সঙ্গে যুক্ত। আর সুমন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছে।

২
আমার বই পড়ার অভ্যাসটা কিছুটা গড়ে ওঠে মাধ্যমিক পর্যায়ে। নবম শ্রেণিতে পড়ার সময় বন্ধু হীরকের বাবা খন্দকার নাজিম উদ্দিন চাচার মাধ্যমে আমি টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সদস্য হই। তিনি তখন গ্রন্থাগারের সাধারণ সম্পাদক। এরপর নিয়মিত সেখান থেকে বই নিয়ে পড়তাম।

একদিন গ্রন্থাগার থেকে হাতে পেলাম হুমায়ূন আহমেদের ‘ময়ূরাক্ষী’। এই উপন্যাসের মধ্য দিয়েই বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র হিমুর সঙ্গে পরিচয় ঘটে পাঠকের।

হিমুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকগুলোর একটি ময়ূরাক্ষী নদী। ছোটবেলায় স্কুলের ভূগোল শিক্ষক মফিজ স্যার একদিন তাকে একটি নদীর নাম বলতে বলেন। হুমায়ূন তখন আড়িয়াল খাঁ নদীর নাম বলেছিল। কিন্তু শিক্ষক শুনতে চেয়েছিলেন সুন্দর একটি নদীর নাম। তখন হুমায়ূন বলে, ময়ূরাক্ষী।

শিক্ষক জানতে চান, ময়ূরাক্ষী কোথায় অবস্থিত। হুমায়ূন জানায়, সে জানে না। নদীটি আদৌ আছে কি না, তা-ও তার জানা নেই। শিক্ষক তখন বলেন, ‘না থাকলে নেই। এটি তোর নিজের নদী।’

মৃত্যুর কয়েক দিন আগে হিমু তার শিক্ষক মফিজ স্যারকে দেখতে যায়। স্যার জানতে চান, ‘তোর নদীটা কেমন আছে?’

হিমু লাজুক ভঙ্গিতে উত্তর দেয়, ‘জানি না স্যার, কখনো দেখি নাই।’

স্যার বলেন, ‘তবু বল, বানিয়ে বানিয়ে বল। শুনি।’

হিমু বলে, নদীটা সুন্দর। অনেক সুন্দর।

স্যার তখন বলেন, ‘আরে গাধা, অসুন্দর নদী বলে কিছু নেই। নদী তো সুন্দর হবেই।’

হিমুর মতো আমার কোনো নদী ছিল না। তবে আমার একটি চাঁদ ছিল। খুব সুন্দর সেই চাঁদ।

‘ময়ূরাক্ষী’ উপন্যাসে ভূগোল শিক্ষক মফিজ স্যারকে ভয় পেত শিক্ষার্থীরা। ছাত্রদের গালে চড় বসানোর জন্য স্যারের চড়েরও ছিল নানা নাম। রাম চড়, শ্যাম চড়, যদু চড় ও মধু চড়। এর মধ্যে সবচেয়ে কঠিন ছিল রাম চড়।

আমাদের স্কুলেও পণ্ডিত স্যারের একটি বিশেষ চিমটি ছিল। নাম ‘রাম চিমটি’। তখনকার দিনে এমন কোনো শিক্ষার্থী ছিল না, যে পণ্ডিত স্যারের রাম চিমটি খায়নি। স্যারের ক্লাস থাকলে আমরা সবাই মাথায় তেল মেখে যেতাম। কারণ, তেল ছাড়া চুল দেখলেই রাম চিমটি ছিল প্রায় নিশ্চিত। আমরা যারা কখনো চুলে তেল ব্যবহার করত না, তারাও ভয়ে স্কুলের চানাচুর-মুড়িওয়ালা মামাদের কাছ থেকে সরিষার তেল কিনে মাথায় মেখে ক্লাসে ঢুকতাম।

‘ময়ূরাক্ষী’ উপন্যাসে রমনা থানার হিমু আর ওসি সাহেবের তামাশামূলক কথোপকথনও মনে রাখার মতো। হুমায়ূন আহমেদের অন্যান্য উপন্যাসেও রমনা থানার প্রসঙ্গ এসেছে একাধিকবার।

তখন টাঙ্গাইলে বসে কল্পনা করতাম, ঢাকায় পড়াশোনা করতে গেলে একবার রমনা থানায় যাবই। ছাত্রজীবনে সেই সুযোগ হয়নি। কিন্তু কর্মজীবনে অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করতে গিয়ে একাধিকবার রমনা থানায় যাওয়ার সুযোগ হয়েছে। প্রতিবারই মনে হয়েছে, এই তো সেই হুমায়ূন আহমেদের রমনা থানা!

কর্মজীবনে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্ধু ও বড় ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে। তাদের কারও কারও সঙ্গে পেশাগত সম্পর্কের বাইরেও গড়ে উঠেছে আন্তরিকতা। কিন্তু হুমায়ূন আহমেদের লেখায় যে রসবোধ, সেই রসবোধের মতো সম্পর্ক আর কারও সঙ্গে গড়ে ওঠেনি। হয়তো সেটি সম্ভবও নয়। কারণ, হুমায়ূন আহমেদ তো একজনই।

‘বোতল ভূত’ আর ‘ময়ূরাক্ষী’র মধ্যে একটি সূক্ষ্ম মিল খুঁজে পাই। একটিতে শৈশবের সরল বিশ্বাস, অন্যটিতে পরিণত বয়সের নিঃসঙ্গতা ও আত্মঅন্বেষণ। কিন্তু দুটিতেই হুমায়ূন আহমেদ দেখিয়েছেন, মানুষের জীবন শুধু দৃশ্যমান বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করা যায় না। মনের ভেতরে এমন কিছু অনুভূতি, বিশ্বাস ও কল্পনা থাকে, যা মানুষের কাছে বাস্তবের মতোই সত্য।

হুমায়ূন আহমেদ আমাকে ভাবান, কখনো ফিরিয়ে নিয়ে যান শৈশবে, কখনো দাঁড় করিয়ে দেন এক অচেনা নদীর পাড়ে। আমার কাছে হুমায়ূন মানেই স্বচ্ছ পানির নদী, দুই পাশে সবুজ ঘাস, ছায়াময় পাকুড়গাছ আর দূর থেকে ভেসে আসা ঘুঘুর বিষণ্ন ডাক।

বিষয়:আমার হুমায়ূন বোতল ভূত ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…