বিনোদন

আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন, খান পরিবার নিয়ে যা বললেন লারিসা

আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন, খান পরিবার নিয়ে যা বললেন লারিসা

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি আরিয়ান কিংবা ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসি। এবার খান পরিবারের সঙ্গে নিজের সম্পর্ক এবং আরিয়ানকে নিয়ে কথা বলেছেন লারিসা। জানিয়েছেন, খান পরিবার তার কাছে নিজের পরিবারের মতো। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খানের পরিবারের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে কথা বলেন লারিসা। তিনি বলেন, ‘খান পরিবার আমার কাছে পরিবারের মতো। জীবনে তাদের অর্জন, মানুষ হিসেবে তাদের ব্যক্তিত্ব এবং কাজের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তাদের প্রতি সম্মান থেকেই তাদের নিজের পরিবারের মতো মনে হয়। তাদের সমর্থন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুত্বই সবকিছু, আর এই সম্পর্ক দীর্ঘ পথ পাড়ি দিতে সাহায্য করে।

আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তার কাজ ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন লারিসা।  আরিয়ানকে শাহরুখ খানের ছেলে হিসেবে পাওয়া সুযোগ-সুবিধার বিষয়টি মানুষ যেভাবে দেখে, সে প্রসঙ্গেও কথা বলেন তিনি।

লারিসার ভাষায়, ‘আরিয়ান দারুণ একজন মানুষ। সে বুদ্ধিমান ও দৃঢ়প্রতিজ্ঞ। অনেকে বলে, তার তো সবকিছুই আছে। কিন্তু সে নিজের চাওয়া, ভবিষ্যৎ এবং যেসব বিষয়ে বিশ্বাস করে, সেগুলোর জন্য লড়াই করছে। আমার বিশ্বাস, সে লক্ষ্যে পৌঁছাবে। কারণ, সে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।

৩১ বছর বয়সী লারিসা বোনেসি ব্রাজিলের মডেল ও অভিনেত্রী। ১৬ বছর আগে নিজের দেশ ছেড়ে ভারতে আসেন তিনি। এরপর থেকে মুম্বাইয়েই বসবাস করছেন। এক দশকের বেশি সময় ধরে ভারতের বিনোদনজগতে কাজ করছেন লারিসা। ‘গো গোয়া গন’, ‘থিক্কা’, ‘রকেট রাজা’ ও ‘ঘাটি’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি।

২০২৪ সাল থেকে আরিয়ান খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়াতে শুরু করে। গত বছর আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আরিয়ান ও তার পরিবারের সাথে উপস্থিত ছিলেন লারিসা। এরপর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ে। তবে এখন পর্যন্ত দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু নিশ্চিত করেননি।

অন্যদিকে, বাবা শাহরুখ খানের মতো অভিনয়ে না এসে পরিচালনা ও লেখালেখিকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন আরিয়ান। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ গত বছর মুক্তির পর ভারতে সবচেয়ে জনপ্রিয় সিরিজে পরিণত হয়। সিরিজটির দ্বিতীয় সিজন নির্মাণের অনুমোদনও দিয়েছে নেটফ্লিক্স। হিন্দুস্তান টাইমস

বিষয়:আরিয়ান খান প্রেমের গুঞ্জন বলিউড লারিসা বোনেসি শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…