ইনফ্লুয়েন্সারকে শাহরুখের নোটিশ পাঠানো নিয়ে যা জানা গেল

বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নতুন মোড় নিয়েছে বিতর্ক। ব্যবসায়ী অনন্ত আম্বানির সঙ্গে শাহরুখের কথোপকথনের ভিডিও নিয়ে বিভ্রান্তিকর দাবি করায় এক ইনফ্লুয়েন্সারকে শাহরুখ আইনি নোটিশ পাঠিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে এবার সেই খবরকে নাকচ করেছে শাহরুখ খানের আইনি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির দাবি, এ ধরনের কোনো আইনি নোটিশ পাঠানো হয়নি। এমনকি এ বিষয়ে কোনো আইনজীবী বা প্রতিষ্ঠানকে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেননি শাহরুখ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের অনুমোদিত আইনি প্রতিষ্ঠান হিরানি অ্যান্ড অ্যাসোসিয়েটস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছে।
বিবৃতিতে বলা হয়, ২৩ নভেম্বর ২০২৬ তারিখে শাহরুখ খানের পক্ষে পাঠানো হয়েছে বলে দাবি করা একটি ‘আইনি নোটিশ’ সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে শাহরুখের অনুমোদিত আইনজীবী হিসেবে তারা স্পষ্ট করে জানিয়েছেন, ওই নোটিশ শাহরুখ বা তার পক্ষে কেউ পাঠাননি। এমনকি তাদেরসহ কোনো আইনজীবী বা আইনি প্রতিষ্ঠানকে এ ধরনের নোটিশ পাঠানোর নির্দেশও দেননি অভিনেতা।
বিবৃতিতে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোকে এ ধরনের নথির সত্যতা যাচাই করে খবর প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শাহরুখের নামে প্রচারিত ওই নোটিশসংক্রান্ত খবর সংশোধন বা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে ইনস্টাগ্রামে সুভিগ্য শর্মা নামের এক কনটেন্ট ক্রিয়েটর একটি ভিডিও প্রকাশ করেন। এতে আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে অনন্ত আম্বানির কথোপকথনের দৃশ্যের পাশাপাশি শাহরুখ খান ও অনন্ত আম্বানির আলাপের একটি আলাদা ক্লিপ যুক্ত করা হয়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ওই কথোপকথনের সময় শাহরুখকে চুপ থাকতে বলা হয়েছিল।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুভিগ্য দাবি করেন, এ নিয়ে শাহরুখের আইনি দলের কাছ থেকে ২৩ নভেম্বর তারিখের একটি মানহানির নোটিশ পেয়েছেন। ওই নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে ভিডিও সরিয়ে নেওয়া, বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং এ-সংক্রান্ত অন্যান্য নির্দেশনা পালনের কথা বলা হয়েছিল বলে দাবি করেন তিনি। নোটিশে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৩৫৬ ধারার কথাও উল্লেখ ছিল বলে প্রচার করা হয়।
এদিকে নোটিশ পাওয়ার দাবি সামনে আসার পর সুভিগ্য নিজের বক্তব্যের পক্ষে অবস্থান নেন। তার দাবি, ভিডিও নিয়ে করা মন্তব্য মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে।
তবে এবার শাহরুখের আইনি প্রতিনিধিরা সরাসরি সুভিগ্যর পোস্টের মন্তব্যের ঘরে বিষয়টি নাকচ করেন। তারা জানান, শাহরুখ কোনো আইনজীবী বা আইনি প্রতিষ্ঠানকে ওই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে নোটিশ পাঠানোর নির্দেশ দেননি। প্রচারিত নোটিশটিও শাহরুখ বা তার পক্ষে পাঠানো হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস






