প্যাটিনসনের জেমস বন্ড যাত্রায় যা বললেন ট্রাম্প

নতুন জেমস বন্ড হিসেবে অভিনেতা রবার্ট প্যাটিনসনকে শুভকামনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অভিনেতাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ২০১২ সালে তার করা একটি পুরোনো টুইটও সামনে আনেন তিনি। সেই টুইটে প্যাটিনসনের সাবেক প্রেমিকা ও ‘টোয়ালাইট’ সহ-অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ‘নিউইয়র্ক পোস্ট’র সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্যাটিনসনকে নিয়ে কথা বলেন ট্রাম্প। নতুন জেমস বন্ডের চরিত্রে তাকে কেমন লাগবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প প্রথমে তার সহযোগী নাটালি হার্পকে অভিনেতাকে নিয়ে কিছু প্রতিবেদন নিয়ে আসতে বলেন।
এ সময় ট্রাম্প জানতে চান, ‘জেমস বন্ড কি রক্ষণশীল? পরে হার্প প্যাটিনসনকে নিয়ে কয়েকটি প্রতিবেদন তার হাতে তুলে দেন। সেগুলো দেখার পর ট্রাম্প বলেন, ‘যারা আমাকে পছন্দ করেন, তাদের আমি সব সময় পছন্দ করি’।
প্রতিবেদনগুলোর মধ্যে ছিল ২০১২ সালে ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসনের সম্পর্ক নিয়ে ট্রাম্পের করা পুরোনো একটি টুইট। সেটি পড়ে শোনান তিনি। টুইটে লেখা ছিল, ‘রবার্ট প্যাটিনসনের ক্রিস্টেন স্টুয়ার্টকে ফিরিয়ে নেওয়া উচিত নয়। সে তার সঙ্গে প্রতারণা করেছে এবং আবারও করবে-দেখে নিয়ো’।
পুরোনো সেই মন্তব্য পড়ার পর ট্রাম্প বলেন, ‘এটা অনেক আগের ঘটনা’।
উল্লেখ্য, ‘টোয়ালাইট’ চলচ্চিত্র সিরিজে অভিনয়ের সূত্রে রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১২ সালে নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়। সে সময় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার এই জুটিকে নিয়ে মন্তব্য করেছিলেন। এমনকি দুজনের সম্পর্ক সাময়িকভাবে জোড়া লাগার পরও এ বিষয়ে মন্তব্য অব্যাহত রেখেছিলেন তিনি। পরে অবশ্য তাদের বিচ্ছেদ হয়ে যায়।
নতুন জেমস বন্ড হিসেবে প্যাটিনসনের নাম ঘোষণার পর তাকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনও দেখেন ট্রাম্প। সেগুলোতে নিজের সম্পর্কে অভিনেতার ইতিবাচক মন্তব্য দেখে তিনি বলেন, ‘এটা বেশ মিষ্টি। সে আমার সম্পর্কে ভালো কথা বলে’।
এরপর প্যাটিনসনকে নতুন চরিত্রের জন্য শুভকামনা জানান ট্রাম্প। চলতি মাসেই জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র ০০৭-এ সপ্তম অভিনেতা হিসেবে যুক্ত হচ্ছেন তিনি। এর আগে চরিত্রটিতে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ। হিন্দুস্তান টাইমস





