কুয়েতে ড্রোন হামলা ‘সন্দেহজনক’, যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা: ইরান

কুয়েতে ড্রোন হামলায় ইটালির দুই নাগরিক নিহতের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। বরং এই হামলাকে সন্দেহজনক আখ্যা দিয়ে এর মাধ্যমে নতুন করে যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। আরাঘচি জানান, কুয়েতে ইটালির নাগরিকদের নিহত হওয়ার ঘটনায় তিনি ইটালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এসময় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান তিনি। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কুয়েত ও ইটালির সঙ্গে সহযোগিতা করতে ইরান প্রস্তুত বলেও উল্লেখ করেন।
এর আগে বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে দুই ইতালীয় নাগরিক নিহত হন। এছাড়া একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হন। নিহত দুজন কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। হামলার পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইরান থেকে ছোড়া একটি ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে। প্রথমে চারজন আহত হওয়ার খবর জানানো হলেও পরে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়টি।
তবে কুয়েতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওই দিন ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চলে কোনো সামরিক অভিযান বা হামলা চালায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ওই সময় কুয়েতে একটি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত কুয়েতের সেনাদের গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়।
উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে আয়তনে ছোট হলেও কুয়েতে মার্কিন সেনাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ইরান এর আগে দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটে। সর্বশেষ হামলায় দেশটির একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে কুয়েতে সর্বশেষ ড্রোন হামলার দায় অস্বীকার করে ঘটনাটির নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তেহরান।





