আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন নিহত: রুশ গভর্নর

ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন নিহত: রুশ গভর্নর

ছবি: সংগৃহীত

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ নিযুক্ত গভর্নর ইয়েভগেনি বালিৎস্কি।

রাশিয়াভিত্তিক গণমাধ্যম আরটি- এর সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বালিৎস্কি জানান, ভেসেলোয়ে এলাকার একটি গাড়ি পার্কিং স্থানে এই ড্রোন হামলা চালানো হয়।

তিনি আরও জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের কর্মীরা কাজ করছেন।

২০২২ সালের শরতে গণভোট আয়োজনের পর জাপোরিঝঝিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় রাশিয়া। তবে ইউক্রেন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ এই অন্তর্ভুক্তিকে স্বীকৃতি দেয়নি।

এদিকে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলেও ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজন সামান্য আহত হয়েছেন। আজভ সাগরসংলগ্ন স্লাভিয়ানস্কি জেলায় এ হামলার ঘটনা ঘটে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, রাতভর দেশটির ১৭টি অঞ্চল এবং কৃষ্ণসাগর ও আজভ সাগরের আকাশে ইউক্রেনের মোট ৩৪৩টি ড্রোন ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

মস্কোর অভিযোগ, যুদ্ধক্ষেত্রে বিপর্যয় কাটাতে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

অন্যদিকে, এসব হামলার জবাবে ইউক্রেনের সামরিক স্থাপনা ও যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয় না বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সর্বশেষ রুশ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি ড্রোন উৎপাদনকারী স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর একটি ‘ফায়ার পয়েন্ট’ নামের প্রতিষ্ঠানের, যেটিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

হামলা ও হতাহতের বিষয়ে রাশিয়ার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

বিষয়:ইউক্রেন ড্রোন হামলা রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…