বিনোদন

শাহরুখের সঙ্গে অভিনয়, চিত্রনাট্যও লিখেছিলেন অরুন্ধতী

জানেন কি সেই গল্প?

শাহরুখের সঙ্গে অভিনয়, চিত্রনাট্যও লিখেছিলেন অরুন্ধতী

সাহিত্যিক পরিচয়েই বিশ্বজুড়ে পরিচিত অরুন্ধতী রায়। তার প্রথম উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’ প্রকাশের পরই আন্তর্জাতিক খ্যাতি পান এই ভারতীয় লেখক। ১৯৯৭ সালে উপন্যাসটির জন্য অর্জন করেন মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার। লেখালেখির পাশাপাশি পরিবেশ ও মানবাধিকার নিয়েও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। তবে তার পরিচয়ের আরেকটি দিক অনেকেরই অজানা। শুধু লেখক কিংবা রাজনৈতিক সক্রিয়তাবাদী নন, অভিনয়ও করেছেন অরুন্ধতী রায়। এমনকি অভিনয় করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গেও!

১৯৬১ সালের ২৪ নভেম্বর জন্ম অরুন্ধতী রায়ের। জন্মদিনে ফিরে দেখা যাক তার অভিনয়জীবনের সেই অজানা অধ্যায়।

১৯৮৯ সালে মুক্তি পায় অরুন্ধতী রায়ের চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’। ছবিটি পরিচালনা করেন তার তৎকালীন স্বামী, নির্মাতা ও পরিবেশকর্মী প্রদীপ কৃষেন। চিত্রনাট্য লেখার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করেন অরুন্ধতী। ছবিতে রাধা নামের এক তরুণীর চরিত্রে দেখা যায় তাকে। তার বিপরীতে ছিলেন অর্জুন রায়না, যিনি অভিনয় করেন কেন্দ্রীয় চরিত্র অ্যানি বা আনন্দ গ্রোভারের ভূমিকায়।

এই ছবির সঙ্গেই জড়িয়ে আছে শাহরুখ খানের অভিনয়জীবনের শুরুর দিকের একটি স্মৃতি। ১৯৮৯ সালে টেলিভিশনে অভিনয় শুরু করা শাহরুখ তখনও বলিউডের সুপারস্টার হয়ে ওঠেননি। ‘ফৌজি’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়ার পর ছোট পর্দায় আরও কিছু কাজ করেন তিনি। সেই সময়ই ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। ছবিতে তার চরিত্রের নাম ছিল ‘সিনিয়র’। দিল্লির একটি স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে দেখা যায় তাকে।

শাহরুখের সঙ্গে অভিনয়, চিত্রনাট্যও লিখেছিলেন অরুন্ধতী১৯৭০-এর দশকের দিল্লির একটি স্থাপত্য কলেজের শিক্ষার্থীদের জীবন, তারুণ্যের উচ্ছ্বাস, কর্তৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ এবং বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছিল ছবিটি। ইংরেজি, হিন্দি ও পাঞ্জাবি ভাষার সংমিশ্রণে নির্মিত এই চলচ্চিত্রে অরুন্ধতী রায় ছাড়াও অভিনয় করেন রোশন শেঠ, ঋতুরাজ সিং ও মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা।

মুক্তির পর ছবিটি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। সেরা চিত্রনাট্যের পুরস্কার পান অরুন্ধতী রায়। অন্যদিকে ইংরেজি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে ছবিটি, যা পরিচালনার জন্য স্বীকৃতি পান প্রদীপ কৃষেন।

মজার বিষয় হলো, ছবিটির সঙ্গে শাহরুখ খানের নাম জড়িয়ে থাকলেও এর মূল আকর্ষণ তিনি নন। বরং তরুণদের স্বপ্ন, প্রতিবাদ, বন্ধুত্ব ও সে সময়ের সামাজিক বাস্তবতাই ছবিটির গল্পের কেন্দ্রে। দীর্ঘদিন টেলিভিশনে একবার প্রচারের পর ছবিটি অনেকটা আড়ালে চলে যায়। ১৯৯৭ সালে অরুন্ধতী রায়ের ‘দ্য গড অব স্মল থিংস’ প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে ছবিটি। পরে এর চিত্রনাট্যও বই আকারে প্রকাশিত হয়।

তবে সবচেয়ে দারুণ খবর হলো, এই সিনেমাটি প্রায় চার দশক পর পুনরুদ্ধার করা সংস্করণ ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বার্লিনালে ক্ল্যাসিকস’ বিভাগে বিশ্ব প্রিমিয়ার হয়। ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে ছবিটি পুনরুদ্ধার করা হয়েছে।

বিষয়:অরুন্ধতী রায় টেলিভিশন বলিউড শাহরুখ খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…