বিনোদন

ঘৃণার বদলে ভালোবাসা, শান্তির বার্তা দিলেন শাহরুখ খান

ঘৃণার বদলে ভালোবাসা, শান্তির বার্তা দিলেন শাহরুখ খান

বলিউড অভিনেতা শাহরুখ খান ২৬/১১ মুম্বাই হামলা, পহেলগাম সন্ত্রাসী হামলা ও সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে এসব ঘটনায় নিহত নিরাপত্তাকর্মীদের সাহস ও আত্মত্যাগের কথাও স্মরণ করেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) মুম্বাইয়ে ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবতার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন শাহরুখ।

তিনি বলেন, ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করতে হলে সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস এবং পারস্পরিক সম্প্রীতিকে বেছে নিতে হবে।

বক্তব্যে ছোট ছেলের সঙ্গে একটি কথোপকথনের প্রসঙ্গও তুলে ধরেন এই অভিনেতা। তিনি জানান, একদিন তার ছেলে তাকে প্রশ্ন করেছিল, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করা যায়। উত্তরে তিনি বলেছিলেন, সবাই যদি সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস এবং সম্প্রীতির পথ বেছে নেয়, তাহলে ভালোবাসারই জয় হবে।

শান্তি প্রতিষ্ঠার বিষয়ে শাহরুখ বলেন, শান্তির শুরু মানুষের নিজের হৃদয় থেকে। এটি একটি সিদ্ধান্ত, দায়িত্ব এবং প্রতিদিন পূরণ করার প্রতিশ্রুতি। সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়, তবে প্রত্যেকের অভিজ্ঞতা ও বক্তব্য বোঝার চেষ্টা করা প্রয়োজন।

অনুষ্ঠানে ২৬/১১ মুম্বাই হামলা, পহেলগাম হামলা ও দিল্লি বিস্ফোরণে নিহত নিরীহ মানুষের স্মরণে শ্রদ্ধা জানান শাহরুখ। দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো নিরাপত্তাকর্মীদের প্রতিও সম্মান জানান তিনি।

নিরাপত্তাকর্মীদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা তুলে ধরে শাহরুখ বলেন, দেশের মানুষের আশীর্বাদই তাদের সবচেয়ে বড় অর্জন। জাতি, ধর্ম ও বর্ণের বিভেদ ভুলে মানবতার পথে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেতা রণবীর সিং, সুনীল শেঠি ও বিক্রান্ত ম্যাসি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও অনুষ্ঠানে অংশ নেন।

দিব্যাজ ফাউন্ডেশনের আয়োজনে ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানের উদ্দেশ্য সাহসিকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের সম্মান জানানো, হামলায় নিহতদের স্মরণ এবং বিশ্বজুড়ে শান্তি, মানবতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।

বিষয়:আহ্বান গ্লোবাল পিস অনার্স ২০২৬ ঘৃণা বলিউড অভিনেতা ভালোবাসা শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…