বিনোদন

অনিরুদ্ধ-কাব্য’র বিয়েতে রজনীকান্তের নাচ, ভাইরাল ভিডিও!

অনিরুদ্ধ-কাব্য’র বিয়েতে রজনীকান্তের নাচ, ভাইরাল ভিডিও!

দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের নাচে মাতল সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারানের বিয়ের আসর। গ্রিসে অনুষ্ঠিত তারকাখচিত বিয়ের অনুষ্ঠানে অনিরুদ্ধের জনপ্রিয় গান ‘মানাসিলায়ো’র গানে নাচতে দেখা যায় এই অভিনেতাকে। সেই নাচের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১১ নভেম্বর গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অনিরুদ্ধ ও কাব্য। বিয়ের পর থেকেই তাদের বিশেষ আয়োজনের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, রজনীকান্ত তার অভিনীত ‘ভেট্টাইয়ান’ সিনেমার ‘মানাসিলায়ো’ গানের সঙ্গে নাচছেন। গানটির সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। এ সময় নবদম্পতিকে রজনীকান্তের নাচে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

গ্রিসে ১০ ও ১১ নভেম্বর দুই দিন ধরে চলে অনিরুদ্ধ-কাব্যর বিয়ের আয়োজন। বিয়ের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে অনিরুদ্ধ লিখেছেন, ‘আমার জীবনে একবার পাওয়া, সারা জীবনের জন্য ১১.১১।’

বিয়ের অনুষ্ঠানে অনিরুদ্ধের পরনে ছিল আইভরি রঙের কুর্তা ও ভেষ্ঠি। সঙ্গে ছিল সূক্ষ্ম কারুকাজ করা লম্বা জ্যাকেট। অন্যদিকে কাব্য পরেছিলেন হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। তাতে ছিল সূক্ষ্ম নকশা ও সিকুইনের কাজ। মানানসই ব্লাউজ, চোকার নেকলেস ও কানের দুলে সেজেছিলেন তিনি।

বিয়ের অনুষ্ঠানে রজনীকান্ত ও তার স্ত্রী লতা রজনীকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনসহ বিশিষ্ট অতিথিরা। বিয়ের আগে পরিবাারের সদস্যদের নিয়ে রজনীকান্তকে গ্রিসের উদ্দেশে রওনা হতে দেখা যায়। স্টালিন ও তার পরিবারের সদস্যদেরও বিমানবন্দরে দেখা গিয়েছিল।

গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে জমকালো সংবর্ধনার আয়োজন করবেন নবদম্পতি। কাব্যর বাবা কালানিধি মারান ও মা কাবেরী মারান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করে তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। পরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক পোস্টে সংবর্ধনার তারিখ নিশ্চিত করা হয়।

সংবাদমাধ্যমের এই প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের এই আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে। এছাড়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।

বিনোদন অঙ্গন থেকে রজনীকান্ত , এ আর রহমান, কমল হাসান, ধানুশ ও অজিত কুমারের মতো তারকাদের উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছে। ক্রিকেট অঙ্গন থেকেও অভিষেক শর্মা ও ঈশান কিষানের মতো খেলোয়াড়দের আমন্ত্রণ জানানোর খবর প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান অনিরুদ্ধ রবিচন্দ্র। এরপর দক্ষিণী চলচ্চিত্রের পাশাপাশি বলিউডেও সংগীত পরিচালনা করেছেন তিনি। শাহরুখ খান, পবন কল্যাণ ও বিজয়ের মতো তারকাদের সিনেমায় কাজ করেছেন এই সংগীত পরিচালক। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’।

অন্যদিকে কাব্য মারান সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সান টিভি নেটওয়ার্কের পরিচালক। যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করার পর ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন তিনি। এনডিটিভি 

বিষয়:অনিরুদ্ধ রবিচন্দ্র কাব্য মারান গ্রিস নাচ বিয়ে রজনীকান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…