নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত থেকে পাকিস্তানের আমদানি বাড়ছে

ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য বন্ধ থাকলেও দেশটি থেকে পাকিস্তানের আমদানি আবারও যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরেছে। বিশেষ করে ওষুধ ও রাসায়নিক পণ্যের আমদানি বেড়েছে।
তৃতীয় দেশের মাধ্যমে এসব পণ্য পাকিস্তানে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সাবেক এক বাণিজ্য কর্মকর্তা। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক প্রয়োজনের পাশাপাশি দুই দেশের সম্পর্কে উত্তেজনা কমারও কিছু ইঙ্গিত মিলছে।
বুধবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ৬ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে পাকিস্তান। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬৯ শতাংশ বেশি।
২০২৫ সালের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়ে। নয়াদিল্লি এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এরপর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ, ওয়াঘা সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ এবং বাণিজ্য স্থগিত করে।
মে মাসে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। চার দিনের সংঘাতের অবসান হয় ১০ মে যুদ্ধবিরতির মধ্য দিয়ে। এতে মধ্যস্থতার কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংঘাতের পর ভারত থেকে পাকিস্তানের আমদানি সাময়িকভাবে কমে গেলেও পরে তা আবার বাড়তে থাকে। ২০২৫ সালের এপ্রিলে আমদানির বিপরীতে পাকিস্তানের মাসিক ব্যাংক পরিশোধ ছিল ২ কোটি ডলার। জুনে তা কমে ৯২ লাখ এবং জুলাইয়ে ৮২ লাখ ডলারে নেমে আসে। তবে সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৯৬ লাখ ডলারে।
২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানির বিপরীতে পাকিস্তান মোট ২০ কোটি ৩৮ লাখ ডলার পরিশোধ করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ কম। তবে যুদ্ধের আগের ১২ মাসে মাসিক গড় পরিশোধ ছিল ১ কোটি ৯৩ লাখ ডলার। সংঘাতের পরবর্তী ১৩ মাসে তা দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ডলারে। অর্থাৎ আমদানি প্রায় আগের অবস্থায় ফিরেছে।
২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে পাকিস্তানের আমদানি করা পণ্যের ৯৬ দশমিক ২ শতাংশই ছিল জৈব রাসায়নিক ও ওষুধজাত পণ্য। এর মধ্যে টিকা ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর আমদানি ব্যয় ৭ কোটি ৩ লাখ ডলার থেকে বেড়ে ৯ কোটি ৩৬ লাখ ডলারে দাঁড়িয়েছে।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা খাকান নাজিব বলেন, কম দাম, সহজলভ্যতা ও ভৌগোলিক নৈকট্যের কারণে পাকিস্তানের ওষুধশিল্প দীর্ঘদিন ধরে ভারত থেকে কাঁচামাল সংগ্রহ করে আসছে। বিশেষ করে ওষুধ তৈরির অপরিহার্য উপাদান অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) উৎপাদনে ভারতের শক্তিশালী অবস্থান রয়েছে।
ভারত থেকে পণ্য আমদানিতে পাকিস্তানের নিষেধাজ্ঞা ২০২৫ সালের সংঘাতেরও আগের। ২০১৯ সালের ৯ আগস্ট কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিলের পর ভারত থেকে উৎপাদিত বা সরাসরি দেশটি থেকে পাঠানো পণ্য আমদানি নিষিদ্ধ করে পাকিস্তান। তবে এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত চিকিৎসাসামগ্রী আমদানিতে ছাড় দেওয়া হয়।
২০২৫ সালের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারত থেকে সরাসরি কিংবা তৃতীয় কোনো দেশের মাধ্যমে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দেয়। তবে পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান নির্বাহী মুহাম্মদ জুবায়ের মোতিওয়ালা জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতীয় পণ্য দুবাই ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের মাধ্যমে পাকিস্তানে প্রবেশ করছে। উৎপত্তিস্থল ভারত হওয়ায় এসব পণ্য আমদানির পরিসংখ্যানে ভারতীয় পণ্য হিসেবেই গণনা করা হচ্ছে।
তবে পণ্যগুলো ঠিক কোন পথে এবং কী পরিমাণে পাকিস্তানে পৌঁছাচ্ছে, তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন খাকান নাজিব। তার মতে, আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার মাধ্যমে কিছু পণ্য পাকিস্তানে পৌঁছাতে পারে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ্যে নেই।
পাকিস্তানের মোট আমদানিতে ভারতের অংশ খুব বেশি নয়। ২০২৫-২৬ অর্থবছরে দেশটির মোট ৬ হাজার ৪৫০ কোটি ডলারের আমদানির মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ এসেছে ভারত থেকে। তবে ওষুধশিল্পে ভারতের গুরুত্ব অনেক বেশি। ২০২৪ সালে পাকিস্তানে ওষুধ সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ছিল দ্বিতীয়।
জুবায়ের মোতিওয়ালার মতে, ভারতীয় সরবরাহকারীদের বিকল্প খুঁজতে গেলে পাকিস্তানের ব্যবসায়ীদের উৎপাদন ব্যয় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। খাকান নাজিবও মনে করেন, বিকল্প উৎস থেকে পণ্য আমদানিতে পরিবহন, বিমা, মান যাচাই ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের কারণে খরচ বাড়তে পারে।
এদিকে দুই দেশের সম্পর্কে কিছুটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিতও দেখছেন বিশ্লেষকেরা। গত ২৯ আগস্ট ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ২৫ জন পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠায় ভারত। তাদের মধ্যে জেলেরাও ছিলেন। এ ছাড়া গত সপ্তাহে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হারের পর দুই দেশের ফুটবলাররা পরস্পরের সঙ্গে করমর্দন করেন।
খাকান নাজিবের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হলে উভয় দেশই লাভবান হবে। তবে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই বাণিজ্য পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে অর্থনৈতিক ও মানবিক স্বার্থসংশ্লিষ্ট খাত দিয়ে ধীরে ধীরে বাণিজ্য শুরুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।






