বিনোদন

মুক্তির মাত্র ১১ দিনে সর্বকালের সর্বোচ্চ আয়কারী তামিল ছবি!

মুক্তির মাত্র ১১ দিনে সর্বকালের সর্বোচ্চ আয়কারী তামিল ছবি!

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির মাত্র ১১ দিনের মাথায় বিশ্বব্যাপী আয়ের নিরিখে সর্বকালের সর্বোচ্চ আয়কারী তামিল ছবির শিরোপা অর্জন করেছে নেলসন দিলীপকুমার পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবি।

পেছনে ফেলেছে রজনীকান্ত অভিনীত ২০১৮ সালের ব্লকবাস্টার ‘২.০’-কে।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির ১১তম দিন অর্থাৎ রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী ‘জেলার ২’-এর মোট আয় দাঁড়িয়েছে ৭১০.৩৫ কোটি রুপি।

অন্যদিকে, ‘২.০’-এর বিশ্বব্যাপী আয় ছিল ৬৯১ কোটি রুপি। এই সাফল্যের মধ্য দিয়ে ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী তামিল ছবির জায়গাও দখল করেছে ‘জেলার ২’।

ভারতের বক্স অফিসেও ছবিটির দাপট অব্যাহত রয়েছে। রবিবার এক দিনেই ভারতীয় বাজার থেকে ছবিটি আয় করেছে ২৫.৭০ কোটি রুপি। এর ফলে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪৬৬.৮৫ কোটি রুপি। কর বাদে দেশীয় বাজারে আয় হয়েছে ৩৯৮.৭০ কোটি রুপি (নিট আয়)। একই দিনে বিদেশের বাজার থেকে ছবিটির আয় হয়েছে ১০ কোটি রুপি।

ভাষাভিত্তিক আয়ের হিসাবেও এগিয়ে রয়েছে তামিল সংস্করণ। রবিবার ৫ হাজার ৬৮৩টি প্রদর্শনী থেকে এই সংস্করণ আয় করেছে ১৭.৩৫ কোটি রুপি! তেলুগু সংস্করণ ১ হাজার ৮৬০টি প্রদর্শনী থেকে আয় করেছে ৪.৫০ কোটি রুপি। হিন্দি সংস্করণের আয় ৪ হাজার ১৯৫টি প্রদর্শনী থেকে ৩.১৫ কোটি রুপি। এ ছাড়া ২১৬টি প্রদর্শনী থেকে কন্নড় সংস্করণ আয় করেছে ৭০ লাখ রুপি।

মুক্তির প্রথম সপ্তাহান্ত থেকেই বক্স অফিসে একের পর এক নজির গড়ছিল ‘জেলার ২’। মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির আয়ের গণ্ডি পেরিয়ে যায় ছবিটি। চতুর্থ দিনেই এর আয় ছাড়িয়ে যায় ৪০০ কোটি রুপি। এরপর ১১ দিনের মাথায় সর্বকালের সর্বোচ্চ আয়কারী তামিল ছবির রেকর্ড গড়ে নেয় এটি।

সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত ছবিটি মুক্তি পায় ১৫ অক্টোবর। রজনীকান্তের পাশাপাশি এতে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, যোগী বাবু, মির্না, এস জে সূর্য, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তীসহ একাধিক তারকা। ছবিটির বাণিজ্যিক সাফল্য তামিল চলচ্চিত্রের বক্স অফিসে নতুন মাত্রা যোগ করেছে। টেলিগ্রাফ ইন্ডিয়া

বিষয়:‘জেলার ২’ তামিল বক্স অফিস বিদ্যা বালান রজনীকান্ত সর্বোচ্চ আয়কারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…