এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকবেন রজনী-প্রভাস-অক্ষয়রা?

নতুন লোগো, নতুন উদ্বোধনী মঞ্চ, তারকাদের সমাগম—৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তের মতো তারকাদের।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। উৎসবের ৩২তম আসরকে ঘিরে এবার একাধিক পরিবর্তন আনা হয়েছে। বদলে গিয়েছে উৎসবের লোগো, উদ্বোধনী অনুষ্ঠানের স্থান এবং আয়োজক কমিটির নেতৃত্বেও এসেছে নতুন মুখ।
রবিবার (১ নভেম্বর) কলকাতার নন্দনে এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো। লোগোটি নকশা করেছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পুত্র পরিচালক সন্দীপ রায়। নতুন লোগোয় কালো রঙের পাশাপাশি ব্যবহার করা হয়েছে গেরুয়া। ছবির ফিল্ম রিলের আদলে তৈরি করা হয়েছে লোগোর কিছু অংশ।
এর আগে ২০১৫ সালে প্রকাশিত পুরোনো লোগোয় কালো ও নীল রঙের ব্যবহার ছিল। সেখানে ‘K’ অক্ষরের ওপর ক্যামেরার নকশা এবং ‘F’ অক্ষরের সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরীর প্রতীক যুক্ত ছিল।
এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। এর আগে উদ্বোধনী অনুষ্ঠান সাধারণত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কিংবা ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দক্ষিণী চলচ্চিত্রের দুই মহাতারকা রজনীকান্ত ও প্রভাসের। তাদের সঙ্গে থাকবেন বলিউড তারকা অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খের, পরেশ রাওয়াল, জনি লিভার ও কঙ্গনা রানাওয়াত। এ ছাড়া পরিচালক অনুরাগ বসু ও মধুর ভাণ্ডারকরের মতো বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। একজন বিদেশি তারকাকে আনার চেষ্টাও চলছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উৎসবের মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।
রবিবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা জিৎ, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়সহ চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এদিন জিৎ জানান, এবারের উৎসবের ফোকাস কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে আয়ারল্যান্ড। দেশটির সমসাময়িক চলচ্চিত্রের একটি বিশেষ আয়োজন থাকবে উৎসবে।
এবারের উৎসবের সিগনেচার ফিল্ম বা থিম ফিল্ম তৈরি করছেন সন্দীপ রায়। প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনের আগে এই বিশেষ ছবিটি দেখানো হবে। এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রাতুল শঙ্কর।
এ ছাড়া চলচ্চিত্র উৎসবের পরিসর আরও বাড়াতে বড় আকারে ‘ফিল্ম বাজার’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা ও শিল্পসংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতার সুযোগ তৈরি করা হবে।
উৎসবে অংশ নিতে আগ্রহী দর্শকদের জন্য ডেলিগেট কার্ডের আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ৫ নভেম্বর থেকে। কার্ডের আবেদন, যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আন্তর্জাতিক চলচ্চিত্রের পাশাপাশি এবারের উৎসবে কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত ছবিও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। নতুন লোগো, তারকাদের উপস্থিতি ও ভিক্টোরিয়া মেমোরিয়ালে উদ্বোধনী আয়োজন—সব মিলিয়ে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।






