সাফজয়ী রজনীকান্তের ‘প্রত্যাশা’ পূরণে সচেষ্ট সরকার

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের প্রথম অধিনায়ক রজনীকান্ত বর্মন। তবে দীর্ঘ দিন অসুস্থ ও অসহায় অবস্থায় জীবনযাপন করছেন এ তারকা ফুটবলার। বাংলাদেশে ২০২৬ সালের সাফ চ্যাম্পিয়নশিপ বসবে। তার আগে সাবেকদের মিলনমেলা বসেছিল জাতীয় স্টেডিয়ামে। বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, অসুস্থ রজনীর প্রত্যাশা পূরণের চেষ্টা করছে সরকার।
সাফজয়ী ও এসএ গেমস জয়ীদের প্রীতি ম্যাচের পর সংবাদমাধ্যমে আমিনুল হক জানান, ‘গত তিন দিন আগে রজনীর সাথে আমার কথা হয়েছে এবং ওর অসহায়ত্বের কথা আমরা শুনেছি। আমি শোনা মাত্রই আমি আমাদের দুজনকে দায়িত্ব দিয়েছি রজনীর সাথে কথা বলে আমার জায়গা থেকে, সরকারের পক্ষ থেকে কি করণীয় রয়েছে সে বিষয়ে আলোচনা করার জন্য। রজনীর সাথে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার ভিত্তিতে রজনীর যে প্রত্যাশা রয়েছে সেটা আমি খুব দ্রুতই ইনশাআল্লাহ পূরণ করব।’
‘রজনীর মতো একজন বাংলাদেশের ন্যাশনাল স্টার, তার এ অবস্থা এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। রজনী শারীরিকভাবে অসুস্থ আপনারা জানেন। আজকের ম্যাচেও রজনীরকে দাওয়াত দেয়া হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে আজকে এখানে উপস্থিত হতে পারেনি। কিন্তু রজনীর প্রতি আমাদের যে শুভকামনা, আমাদের যেই দায়িত্ব রয়েছে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটুকু করব ইনশাআল্লাহ।’
২৩ বছর আগের সাফজয়ের স্মৃতি নিয়ে তখনকার গোলকিপার ও বর্তমানে প্রতিমন্ত্রী জানান, ‘ওইদিন আসলে অভাবনীয় একটি সন্ধ্যা ছিল। আপনারা সবাই জানেন যে দ্বিতীয় শটটি আমি ঠেকিয়েছিলাম এবং আমাদের সুজন শেষ শটটিতে গোল করার পরে গ্যালারি থেকে মনে হচ্ছিল যে দর্শকরা সব উপচে মাঠের ভিতরে ঢুকে গেছে এবং তিল ঠাই পরিমাণ জায়গা ছিল না।’
‘২০০৩ সালের সাফ-চ্যাম্পিয়নশিপের ফাইনালের সেই অনুভূতিটুকু আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সেই স্মৃতি আজও যখন মাঠে নামছিলাম, সেই স্মৃতিগুলো নিয়ে আমরা কথা বলছিলাম সতীর্থ খেলোয়াড়দের সাথে। তাই আমরা চাই যে, ৫ই নভেম্বর বাংলাদেশ দল মাঠে নামুক, সাফ চ্যাম্পিয়নশিপ জিতুক। সেই স্মৃতিগুলো নিয়েও যাতে ভবিষ্যতে আমরাও আলোচনা করতে পারি।’





