জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে জঙ্গল থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহে উদ্ধার করা হয়েছে। তবে এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে কাঁঠালতলা গ্রামে প্রদীপ বাবুর বাড়ির পাশের একটি জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি কটিয়াদী মডেল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম জানান, মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, মরদেহটির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।






