প্লে-অব থেকে বিদায়, মৌসুম শেষ মেসিদের মিয়ামির

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে মৌসুম শুরু করেছিল ইন্টার মিয়ামি। তবে প্লে-অবে হেরে বিদায় নিল লিওনেল মেসিদের দল, শেষ হল আসর। ক্লাবটির বিপক্ষে দুই লেগই জিতেছে কলম্বাস ক্রু। ফ্লোরিডার ক্লাবটি টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ হাত ছাড়া করেছে শেষ মিনিটে। চলতি মৌসুমে একই দলের বিপক্ষে ৫ দেখায় মিয়ামির নেই কোন জয়।
কলম্বাসের মাঠে দ্বিতীয় লেগে ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র ছিল। ম্যাচটি ড্র হলেই অতিরিক্ত সময় এবং পরবর্তীতে টাইব্রেকারে গড়াবে। তবে মিয়ামির সব সমীকরণ ভেস্তে যায় ৯০ মিনিট শেষে যোগ করা প্রথম মিনিটে। সান্তিয়াগো রদ্রিগেজের গোলে জয় নিয়ে পরের রাউন্ডে পৌঁছে যায় কলম্বাস। স্বপ্নভঙ্গ হয় মিয়ামির। চলতি মৌসুমে কলম্বাসের বিপক্ষে লিগপর্ব এবং প্লে-অব মিলিয়ে একটিতে ড্র এবং বাকি চারটিতে হেরেছে মেসিদের দল।
এদিকে প্রথম লেগ ছিল মিয়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে, যেখানে কলম্বাসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল তারা। মূলত প্লে-অবের প্রথম রাউন্ডে দুই দলের তিন লেগে খেলা হয়। তবে সে ক্ষেত্রে উভয় দলকে প্রথম ও দ্বিতীয়টির মধ্যে একটি করে লেগ জেতা লাগবে। কিন্তু একই দল যদি প্রথম দুই লেগ জিতে যায়, তাহলে সেই ক্লাবটি কনফারেন্স সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। সেসময় তৃতীয় লেগের খেলা আর মাঠে গড়ায় না। ফলে প্রথম দুই লেগ হারায় বিদায় নিল মিয়ামি।






