ফুটবল

গার্দিওলার যে রহস্যের চাবি ছিলেন মেসি

গার্দিওলার যে রহস্যের চাবি ছিলেন মেসি

মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেছেন পৃথিবীর অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা। কোচ হিসাবে বার্সেলোনায় কাটানো সময়ে ১৪টি শিরোপা জিতেছিলেন এই মস্টারমাইন্ড। যার মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা ছিল। কোচ হিসেবে এত সাফল্যের রহস্য জানতে চাইলে গার্দিওলা সরাসরি লিওনেল মেসির নাম বলেন। তিনি বলেন, মেসির পর্যায়ে কেউ পৌঁছাতে পারবে না।

ব্রাজিলের কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা মেসিকে নিয়ে বলেন, ‘আমার এত শিরোপা জয়ের পেছনে একজন আছেন, সে হলেন মেসি। আপনার দলে যখন এত ভালো খেলোয়াড় থাকে তখন আপনি নিজেও ভালো হয়ে ওঠেন। কোচ হিসেবে আপনাকে নিশ্চিত করতে হয় যে সবাই যেন একই পথে চলে। খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া কেমন এবং কাদের একসঙ্গে খেলালে ভালো ফল পাওয়া যাবে সেটা বুঝতে হয়। তবে আমি তিনটি অবিশ্বাস্য দলের সঙ্গে কাজ করেছি। যেখানে সব খেলোয়াড়ই ছিল অসাধারণ আর সে কারণেই আমরা জিততে পেরেছি।’

মেসিকে নিয়ে গার্দিওলা আরও বলেন, ‘মেসির মতো খেলোয়াড় আর কখনো দেখিনি। যে প্রতি তিন দিন অন্তর তিনটি গোল করতে পারে এবং তিনটি অ্যাসিস্টও দিতে পারে। এমন ধারাবাহিকতা বজায় রাখার ক্ষমতা খুব কম খেলোয়াড়েরই থাকে। এমনকি অনুশীলনের সময় ছোট দলের ম্যাচেও সে একই রকম পারফর্ম করত। চার বছর কোচিং করানোর সময় আমি তাকে একটি অনুশীলন সেশনও মিস করতে দেখিনি। তার মধ্যে ছিল অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক মানসিকতা যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।’

গার্দিওলার মতে, এমন কোনো খেলোয়াড় নেই যে মেসির পর্যায়ে পৌঁছাতে পারে। তিনি বলেন, ‘কেউই পারবে না। অনেক ভালো খেলোয়াড় আছে ঠিকই কিন্তু আমার মনে হয় না কেউ মেসির পর্যায়ে পৌঁছাতে পারবে। টানা ১৫ থেকে ২০ বছর ধরে প্রতি তিন দিন অন্তর এত উচ্চমানের পারফরম্যান্স দেখানো আমার মনে হয় না ভবিষ্যতে এমনটা আর কেউ পারবে।’

বিষয়:পেপ গার্দিওলা বার্সেলোনা রোমারিও লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…