সরকারি মেডিকেলে বাড়ল ২৭০ আসন, ভর্তির তালিকায় নতুন তিন কলেজ

ছবি: সংগৃহীত
দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ২৭০টি আসন বাড়ানো হয়েছে। এতে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টিতে। পাশাপাশি সদ্য অনুমোদন পাওয়া তিনটি মেডিকেল কলেজেও এবার শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখা হয়েছে।
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
চলতি বছরের ১৩ মে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় সরকার। এটি ছিল দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ। একমাস পর ১৪ জুন ৩৯তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনী এলাকায় অনুমোদন পায় নরসিংদী মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজের এক কিলোমিটারের দূরত্বে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চালুর অনুমোদন দেওয়া হয় ৯ নভেম্বর ২০২৬। তিনটি প্রতিষ্ঠানের কোনোটিরই অবকাঠামোই নির্মাণ করা হয়নি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস কোর্সে দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা ৫ হাজার ২৭০টি। বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজসহ অন্যান্য ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মোট আসনসংখ্যা ৫৪৫টি।
বিজ্ঞপ্তিতে নতুন তিনটি মেডিকেল কলেজে ৫০টি করে এমবিবিএস কোর্সের আসন নির্ধারণ করা আছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, রংপুর, স্যার সলিমুল্লাহ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএসের ২৫০টি করে আসন রয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে আসন রয়েছে ২২০টি।
২০০টি করে আসন রয়েছে কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজে। ১২৫টি করে আসন রয়েছে গোপালগঞ্জ, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ, মানিকগঞ্জ এবং টাঙ্গাইল মেডিকেল কলেজে।
১০০টি করে আসন থাকা মেডিকেলগুলো হলো কক্সবাজার, নোয়াখালী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ ও মুগদা মেডিকেলে।
৭৫টি করে আসন রয়েছে রাঙামাটি, নীলফামারী ও সুনামগঞ্জ মেডিকেল কলেজে। ৫০টি করে আসন রয়েছে হবিগঞ্জ, চাঁদপুর, মাগুরা, নওগাঁ, নেত্রকোনা, ঠাকুরগাঁও, নরসিংদী এবং সরকারি কর্মচারী মেডিকেলে।
এদিকে বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি, চট্টগ্রাম মেডিকেলে ৬০টি, রাজশাহী মেডিকেলে ৫৯টি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে ৫৬টি আসন রয়েছে। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী, ময়মনসিংহ, রংপুর, বরিশাল শের-ই-বাংলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেলের ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।
দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা হবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র থাকবে।
১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন থাকবে। এর মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞান ও ইংরেজিতে ১৫ করে এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর ৪০।
ভর্তি পরীক্ষার ১০০ নম্বর, এসএসসির জিপিএ থেকে ৪০ ও এইচএসসির জিপিএ থেকে ৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে।
২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণদের ৩ নম্বর এবং আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা হবে।
ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।


