তথ্যপ্রযুক্তি

তথ্য চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে এআইয়ের মামলা

তথ্য চুরির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে এআইয়ের মামলা

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতার মধ্যেই মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বাণিজ্যিক গোপন তথ্য চুরি এবং হার্ডওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে অ্যাপলের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে পাল্টা মামলা দায়ের করে ওপেনএআই। প্রতিষ্ঠানটির অভিযোগ, অ্যাপল এমন কর্মসংস্থান নীতি অনুসরণ করছে, যার মাধ্যমে কর্মীদের আটকে রাখা এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ বাধাগ্রস্ত করা হচ্ছে।

আদালতে দাখিল করা নথিতে ওপেনএআই জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস তৈরি করছে প্রতিষ্ঠানটি, যা অ্যাপলের নিজস্ব বাজারে বড় ধরনের প্রতিযোগিতা তৈরি করতে পারে।

ওপেনএআইয়ের অভিযোগ, তাদের প্রতিষ্ঠানে ছয় মাস কাজ করা এক সাবেক কর্মীকে পুনরায় নিয়োগ দিয়ে গোপন তথ্য হাতিয়ে নিয়েছে অ্যাপল। ওই কর্মী ওপেনএআইয়ের নতুন ডিভাইস এবং ভবিষ্যৎ হার্ডওয়্যার পণ্য তৈরির পরিকল্পনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পেয়েছিলেন।

প্রতিষ্ঠানটি আরও অভিযোগ করেছে, চাকরি ছাড়ার পরও সাবেক কর্মীদের ব্যক্তিগত ডিভাইস ও অ্যাকাউন্টে প্রবেশাধিকার বজায় রাখে অ্যাপল। এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মীদের ওপর নজরদারি করা হয়।

ওপেনএআইয়ের দাবি, এখন পর্যন্ত অ্যাপলের ৪০০ কর্মী তাদের প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। অন্য কর্মীদের চাকরি পরিবর্তন থেকে বিরত রাখতে ভীতি সৃষ্টি করতে চায় অ্যাপল।

এর আগে গত জুলাইয়ে বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই ও দুই সাবেক কর্মীর বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। তবে শুরু থেকেই ওই অভিযোগ অস্বীকার করে আসছে ওপেনএআই।

বিশ্লেষকদের ধারণা, ওপেনএআই নিজস্ব স্মার্টফোন কিংবা অন্য কোনো এআইনির্ভর ডিভাইস তৈরির কাজ করছে। প্রচলিত অ্যাপ বা অপারেটিং সিস্টেমের বাইরে নতুন প্রযুক্তিনির্ভর এসব ডিভাইস সফল হলে অ্যাপলের জনপ্রিয় আইফোনের বাজারে প্রভাব পড়তে পারে।

বিষয়:অভিযোগ এআই কৃত্রিম বুদ্ধিমত্তা গোপন তথ্য চ্যাটজিপিটি মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…