‘কঠিন সময়’ পার করছে চেলসি

প্রিমিয়ার লিগে বেশ কঠিন সময় পার করছে চেলসি। পর পর তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের আটে নেমে এসেছে জাবি আলোনসোর শিষ্যরা। এমন পরিস্থিতিতে দল নিয়ে মুখ খুললেন এই স্প্যানিয়ার্ড কোচ। সবশেষ নটিংহ্যাম ফরেস্টের মাঠে হেরেছে লন্ডনের ক্লাবটি।
শুক্রবার রাতে ফরেস্টের মাঠ দ্যা সিটি গ্রাউন্ডে ৩-২ গোলে হেরেছে চেলসি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন চেলসির কোচ আলোনসো। তিনি বলছেন, ‘এটা নিশ্চিত, অনেক কিছুই আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে ধরে রাখতেও আমরা হিমশিম খাচ্ছি। আমরা প্রথমে গোল খেয়ে বসেছি। এটাই ছিল প্রথম ভুল যা আমাদের বিপক্ষে যায়।’
‘এরপর তারা যখন দ্বিতীয় গোলটি করল তখন স্কোর দাঁড়ায় ২-১। তখনও খেলার অনেকটা সময় বাকি ছিল। কিন্তু তৃতীয় গোলটি হজমের পর পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়ে। রক্ষণভাগের দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের দিক থেকে আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সমাধানের পথ খুঁজে বের করতে হবে। খেলায় আত্মবিশ্বাস ফিরিয়ে আনার উপায় আমাদেরই খুঁজে বের করতে হবে, এটাই একমাত্র পথ।’
ওয়েসলি ফোফানাকে শুরুর একাদশে রাখার কারণে সমর্থকদের তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে চেলসিকে। এই ফরাসী ডিফান্ডারকে একাদশে রাখার বিষয় প্রশ্ন করা হলে, আলোনসো ঐক্যের ডাক দেন। ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ড্রেসিংরুমে থাকা প্রত্যেকে স্কোয়াডের সদস্য। আমাদের সবাইকে প্রয়োজন। আমাদের একে অপরের সহায়তা দরকার এবং এই পরিস্থিতি আমাদের একসঙ্গে পার করতে হবে। আমরা কাউকে বাদ দিচ্ছি না।’





