চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
বাসটির আরেক যাত্রী আতিক ইসলামের অভিযোগ, তার কাছে টাকা থাকায় তাকে বাস থেকে নামানো হয়নি। তবে বাসের হেল্পার ও সুপারভাইজার তাকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের লাথি মেরে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।
আতিক ইসলাম বলেন, পরে তিনি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পান এবং স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাকেও ফেলে দেওয়া হতো বলে দাবি করেন তিনি।
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিক ইসলামের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ এলাকা পার হওয়ার পর বাসের অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে মুকুল ও শাকিবকে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।
তিনি আরও জানান, পরে চিকলী এলাকায় স্থানীয় লোকজন ও একটি মাইক্রোবাসের যাত্রীরা বাসটি আটক করেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






