নুসরাতের বাড়িতে আগুনের কারণ সম্পর্কে যে যা বলছে

কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। নুসরাত ও এনসিপির নেতারা এ ঘটনাকে হামলা বলে দাবি করলেও ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পায়নি পুলিশ।
নুসরাতের অভিযোগ, তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এনসিপির নেতারাও এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে পেট্রোল বোমা হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ জানতে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের তদন্ত চলছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান মধ্যপাড়া এলাকায় নুসরাত তাবাসসুমের দাদার তৈরি পুরোনো বাড়িটিতে আগুন লাগে। বাড়িটিতে ৮টি কক্ষ ছিল। সেখানে মূলত গবাদিপশু পালন এবং পুরোনো আসবাবপত্র ও পশুখাদ্য রাখা হতো। খড়কুটাসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে দুটি ছাগল মারা গেছে। তবে অন্য গবাদিপশু ও বাড়ির তত্ত্বাবধায়ককে নিরাপদে বের করে আনা হয়।
নুসরাতের মা জোহরা খাতুন পাপিয়া জানান, হঠাৎ বিকট শব্দ শুনে বাড়িতে গিয়ে আগুন দেখতে পান। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) আগে ওই বাড়িতে বসবাস করতেন। বর্তমানে তিনি পাশেই আরেকটি বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করছেন। পুরোনো বাড়িটিতে মূলত গবাদিপশু পালন করা হতো।
স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংরক্ষিত মহিলা আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য মোছা. নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার অভিযোগসহ সব দিক খতিয়ে দেখতে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।
তবে প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
আজ জাতীয় সংসদে এ বিষয়ে বিরোধীদলের চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে লাগিয়েছে, তা নিশ্চিত হতে তিনি ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ জন্য পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে তদন্ত করা হবে।
তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ১২ নভেম্বরের তারিখে করা জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে যদি কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের আগে অনুমাননির্ভর কোনো বক্তব্য দিতে চান না বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় পুলিশ যা বলছে
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ঘটনাস্থলে এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। সাধারণত পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে ঘটনাস্থলে কাচের বোতল বা এ ধরনের বস্তু পাওয়া যায়। কিন্তু নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তেমন কোনো আলামত মেলেনি। আগুনের প্রকৃত কারণ জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।
তিনি বলেন, আগুন শর্টসার্কিট থেকে লেগেছে, নাকি অন্য কোনো কারণে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
যা বলছে ফায়ার সার্ভিস
কুষ্টিয়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করে দেখছে।
পেট্রোল বোমা হামলা কি না, জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কমিটির অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত আগুনের ধরন সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে ঘটনাস্থলে কাজ করার সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা এটিকে ‘শত্রুতামূলক অগ্নিকাণ্ড’ বলে শুনেছেন।
এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।
পল্লী বিদ্যুৎ যা বলছে
আগুনের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা নাকচ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের প্রাগপুর সাব-জোনাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) তোজাম্মেল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিদ্যুতের তার ও সংযোগ অক্ষত রয়েছে, সেগুলো পুড়ে যায়নি।
তবে আগুনে বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে গেছে। তার মতে, মিটারটি বিদ্যুৎ থেকে নয়, বাইরে থেকে লাগা আগুনে পুড়েছে।
পল্লী বিদ্যুতের প্রাথমিক পর্যবেক্ষণে বৈদ্যুতিক ত্রুটির কোনো প্রমাণ মেলেনি।
নুসরাত তাবাসসুম যা বলছে
বাড়িতে হামলা করে আন্দোলন-সংগ্রাম দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলন করে তিনি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। তার অভিযোগ, হামলার আগে তাকে একাধিকবার ফোনে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কয়েক দিন ধরে একটি সন্দেহজনক নম্বর থেকে তাকে হুমকি দিয়ে ফোন করা হচ্ছিল। এর বাইরে আরও কয়েকটি হুমকিমূলক ফোন পান তিনি। এসব ঘটনায় গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
নুসরাতের ভাষ্য, বুধবার রাতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক হুমকি দিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে তার গ্রামের বাড়িতে পরপর চারটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে বলে তিনি অভিযোগ করেন।
এসব ঘটনার যোগসূত্র তুলে ধরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
যা বলছে পুলিশ সদর দপ্তর
আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সারা দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সব মহানগর পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন আইজিপি আলী হোসেন ফকির। বৈঠকে গ্রেপ্তারে নজরদারি বাড়ানো, হাতবোমার উৎস খুঁজে তা বন্ধ করা এবং নাশকতার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়।
হামলা ঠেকাতে ও নাশকতাকারী গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) শাহজাদা মো. আশাদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও স্থাপনার তথ্য আগেই সংগ্রহ এবং এ বিষয়ে স্থানীয় থানা ও গোয়েন্দা শাখার মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় টহল, চেকপোস্ট ও তল্লাশি বাড়ানোর পাশাপাশি রাতের নিরাপত্তায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
গতাকল বুধবার পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের বিভিন্ন ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাশকতার ঘটনায় এদিন শুধু রাজধানীতেই ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া গত ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ১১টি মামলা হয়েছে এবং ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, এসব নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।






