‘কেজিএফ ২’কে ছাড়িয়ে বিশ্ব বক্স অফিসে নতুন রেকর্ড ‘রামায়ণ’র

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। মুক্তির মাত্র ১০ দিনে বিশ্বব্যাপী ১ হাজার ২০০ কোটি রুপির বেশি আয় করেছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমাটি। যশের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’র আজীবন বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে রামায়ণ।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, মুক্তির দশম দিনে ‘রামায়ণ’র বিশ্বব্যাপী আয় দাাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২২৮ কোটি রুপি। অন্যদিকে, ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ বিশ্বজুড়ে আয় করেছিল প্রায় ১ হাজার ২১৫ কোটি রুপি। যশের নিজেরই পুরনো রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল ‘রামায়ণ’।
দশম দিনে ভারতের বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। দেশটির বাজারে নিট আয় হয়েছে ৭২ কোটি ৯০ লাখ রুপি। আগেরদিনের তুলনায় আয় বেড়েছে ৫১ দশমিক ৬ শতাংশ। সবমিলিয়ে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ৬৮৫ কোটি ৬০ লাখ রুপি। দেশীয় বাজারে মোট আয় ৮১৯ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৪০৮ কোটি ৫০ লাখ রুপি।
ভারতের বিভিন্ন ভাষার সংস্করণের মধ্যে হিন্দি সংস্করণ সবচেয়ে বেশি ব্যবসা করছে। সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল।
বাল্মীকি রচিত মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ, ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী হ্যান্স জিমার ও এ আর রহমান।
মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ধরে রেখেছে সিনেমাটি। বক্স অফিসে এই সাফল্যের মধ্য দিয়ে ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর তালিকায়ও নিজের অবস্থান শক্ত করেছে ‘রামায়ণ’। টেলিগ্রাফ ইন্ডিয়া






