জার্মানিতে উচ্চশিক্ষার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে, চালু ডিজিটাল ব্যবস্থা

ছবি: সংগৃহীত
জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে ঢাকার জার্মান দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জাতীয় ভিসার আবেদনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টাল (আউসলান্ডস পোর্টাল) ব্যবহার করা হবে।
নতুন এ ব্যবস্থায় শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ, প্রয়োজনীয় নথিপত্র জমা এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমবে এবং আবেদনপ্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করছে দূতাবাস।
নতুন পদ্ধতিতে আবেদনকারীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি দূতাবাসের বহিরাগত সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএসের (VFS) মাধ্যমে নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগ থাকবে। ফলে সরাসরি উপস্থিতির দিন মূলত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন করা যাবে।
এ ছাড়া ডিজিটাল পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন শিক্ষার্থীরা। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও থাকবে।
আগের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর অংশ হিসেবে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হচ্ছে। ফলে আগে নিবন্ধন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে।
দূতাবাস জানিয়েছে, আগের ব্যবস্থায় করা নিবন্ধন নতুন পোর্টালে স্থানান্তর করা হবে না। তাই পুরোনো তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন করে অ্যাকাউন্ট খুলে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জার্মান দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী ও কার্যকর করার পাশাপাশি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যেভাবে আবেদন করবেন
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সার্ভিসেস পোর্টালে প্রবেশ করে নিবন্ধন ও আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত নির্দেশনাও সেখানে পাওয়া যাবে।





