ফুটবল

‘শ্রাবণের নয়, ভুলটি পরিস্থিতির কারণে’- বলছেন বাংলাদেশ কোচ

‘শ্রাবণের নয়, ভুলটি পরিস্থিতির কারণে’- বলছেন বাংলাদেশ কোচ

সাফের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়াই করে শেষপর্যন্ত পারেনি বাংলাদেশ। ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল স্বাগতিকদের, শেষ মুহূর্তে গোল হজম করে বসেন মেহেদী হাসান শ্রাবণরা। মূলত গোলরক্ষক শ্রাবণের ভুল থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। ১-০ গোলের জয়ে সাফের ইতিহাসে প্রথমবার ফাইনালে পৌঁছায় পাকিস্তান।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৮৬ মিনিটে গোল করে পাকিস্তান। গোলরক্ষক শ্রাবণের ভুল পাসে বল পান পাকিস্তানের আব্দুল সামাদ। দুজনকে কাটিয়ে বা পায়ে জোরাল শটে বল জালে জড়ান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শ্রাবণকে নিয়ে কড়া সমালোচনা চলছে। তবে বাংলাদেশ কোচ ডুলির মতে, এরকম একটি ম্যাচে গোলরক্ষক দ্বারা এধরনের কিছু ঘটতেই পারে।

ডুলি বলেছেন, ‘আমরা গোলরক্ষকের কাছ থেকে আরও দ্রুত বল খেলার মধ্যে আনার বিষয়েও কথা বলেছিলাম। তবে সেও তো একজন তরুণ খেলোয়াড়, কিছু ভুল করতে পারে। যেমন বলি, তারা তো কোন রোবট নয়। তাদেরও মস্তিষ্ক আছে, তাদের উপরও ম্যাচ জেতার চাপ থাকে। তারা শেষ মুহূর্তে ভুল করলে তা কঠিন হওয়াই স্বাভাবিক। অন্য দুই গোলরক্ষককে জিজ্ঞেস করলেও তারা বলত একই পরিস্থিতিতে তারাও একই ভুল করতে পারত। তাই নির্দিষ্ট কোন একজনকে দোষারোপ করা খুবই কঠিন। এর পেছনে আরও অনেক বিষয় জড়িত থাকে।’

শেষপর্যন্ত স্বপ্নের ফাইনালে যাওয়া হল না বাংলাদেশের। ১৭ নভেম্বর ভারতের বিপক্ষে সেই শিরোপার লড়াইয়ে নামবে পাকিস্তান।

বিষয়:থমাস ডুলি পাকিস্তান বাংলাদেশ মেহেদী হাসান শ্রাবণ সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…