প্যারাগ্লাইডিংয়ের সময় আকাশে জন্মদিনের কেক কাটলেন তরুণী, ভিডিও ঘিরে শুরু বিতর্ক

ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিমাচল প্রদেশের বীর বিলিংয়ে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট ওপরে প্যারাগ্লাইডিং করার সময় ওই নারী কেক কাটছেন। এ সময় নিজেই নিজের জন্মদিনের গান গাইতেও দেখা যায়।
ভিডিওর শুরুতে প্যারাগ্লাইডিংয়ের পাইলটকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘দেখুন, ম্যাডাম এখন তার জন্মদিনের কেক কাটবেন। ভিডিও ধারণের পাশাপাশি ওই নারীকে কেক যেন নিচে পড়ে না যায়, সে বিষয়েও সতর্ক করেন পাইলট।
আকাশে জন্মদিন উদ্যাপনের বিষয়টি রোমাঞ্চকর মনে হলেও এ ধরনের কর্মকাণ্ড প্যারাগ্লাইডিংয়ের সময় যাত্রীর মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে। এমনকি উড্ডয়নকালে শরীরের প্রয়োজনীয় অবস্থান বজায় রাখাও কঠিন হয়ে পড়তে পারে।
উড্ডয়নের সময় কীভাবে কেক বহন করা হলো এবং এ ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানের অনুমতি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে শুধু ভিডিও দেখে কোনো নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
‘হিমাচল’ নামের একটি ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত ভিডিওটি ১৬ হাজারের বেশি বার দেখা হয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই এ ধরনের কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক ব্যবহারকারী লিখেছেন, কেক সঙ্গে নেওয়ার কী প্রয়োজন ছিল? প্যারাগ্লাইডিং তো এ জন্য নয়। অন্য একজন প্যারাগ্লাইডিংয়ের নিরাপত্তাবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার এ কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন।






