আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহার করত ইরান, ক্ষুব্ধ ইলন মাস্ক

মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহার করত ইরান, ক্ষুব্ধ ইলন মাস্ক

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা চালানোর পর মার্কিন সেনাদের ওপর পাল্টা আঘাত হানতে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘স্টারলিংক’ স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার করেছে তেহরান। সূত্রের বরাতে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানি অভিযানে স্টারলিংকের অননুমোদিত ব্যবহারের অন্তত দুটি ঘটনা শনাক্ত করেছে স্পেসএক্সের অভ্যন্তরীণ কারিগরি দল। এই তথ্য জানার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক ক্ষোভে ফেটে পড়েন বলে কোম্পানির অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত দুই ব্যক্তি জানিয়েছেন।

একটি সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট আরও জানায়, মার্কিন সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী আত্মঘাতী ড্রোন পরিচালনা করেছিল। তবে তারা স্থল অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক সাশ্রয়ী মূল্যের প্ল্যানে এটি পরিচালনা করেছিল বলে মাস্ককে অবহিত করা হয়।

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে স্পেসএক্স কিংবা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো অত্যন্ত গোপনীয় একটি নথিতে ইরানি সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

তবে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানিয়েছে, ‘প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত কোনো প্রতিবেদনের বিষয়ে তারা অবগত নয়।’

ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে স্টারলিংকের ব্যবহার, মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং পশ্চিমা নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ বা গোষ্ঠীর মাধ্যমে এর অবৈধ ব্যবহার নিয়ে ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে তীব্র নজরদারি ও বিতর্ক তৈরি হয়েছে।

আনুষ্ঠানিকভাবে ইরানে সেবা দেওয়ার জন্য স্টারলিংকের কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন নেই। তবে ইলন মাস্ক এর আগে জানিয়েছিলেন যে দেশটির ওপর এই সংযোগ সক্রিয় রয়েছে।

গত জানুয়ারিতে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ও অস্থিরতার সময় ইরানের কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট সেবা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, সে সময় মার্কিন সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক রিসিভার টার্মিনাল ইরানে পাঠিয়েছিল।

গত ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বর্তমান সংঘাত শুরু করার পর থেকেই দেশটির সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

বিষয়:ইলন মাস্ক স্টারলিংক স্পেসএক্স স্যাটেলাইট ইন্টারনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…