ভারতে বিমসটেক অ্যাথলেটিকস মিটে ১০টি পদক জিতে ফিরল বাংলাদেশ

ভারতের ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’-এ দশটি পদক জিতেছে বাংলাদেশ দল। আসরে বাংলাদেশের জেতা দশটি পদকের মধ্যে ২টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক রয়েছে। ভারতে বাংলাদেশের পতাকা উড়িয়ে ১০টি পদক জিতে দেশে ফেরা অ্যাথলেটিক্স দলকে ফুলেল শুভেচ্ছা ও ছাদখোলা বাসে বরণ করে নেয়া হয়েছে।
গত ২৫ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রেকর্ডসহ ১০টি পদক অর্জনের গৌরব নিয়ে দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. ইঞ্জি. মোঃ সাব্বির মোস্তফা খান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা শেষে পদকজয়ী অ্যাথলেটদের বিশেষভাবে ব্র্যান্ডিং করা বিআরটিসি একটি ছাদখোলা বাসে করে ঢাকার জাতীয় স্টেডিয়ামস্থ বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ সময় ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ খান চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মোস্তাক, মতিউল আলম, আমিনুল হক এবং ফেডারেশনের সভাপতির প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের ওসি স্পোর্টস জাকির হোসেন মিঠু, সাবেক সদস্য আবুল কালাম, সাবেক প্রশিক্ষক রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মুখ উজ্জ্বল করা এই সফল দলটিকে শিগগিরই আনুষ্ঠানিক সংবর্ধনা আয়োজনের মাধ্যমে পুনরায় সম্মাননা প্রদান করা হবে।






